কুড়াতলীকে মাদক, জুয়া ও চুরিমুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ফরিদ মৃধা

নিউজ ডেস্ক প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬ ০৯:০০ পিএম

রাজধানীর কুড়িল বিশ্বরোড সংলগ্ন কুড়াতলী আদর্শ কল্যাণ সোসাইটি'র উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আয়োজিত এক আলোচনা সভায় এই কথা বলেন সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মো.ফরিদ উদ্দিন মৃধা

মোশাররফ হোসাইন রাজু

রাজধানীর বিভিন্ন এলাকার মতো কুড়িল বিশ্বরোড সংলগ্ন কুড়াতলী এলাকায়ও মাদক, জুয়া ও চুরির বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এসব অপরাধ দমনে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

এই লক্ষ্যে কুড়াতলী আদর্শ কল্যাণ সোসাইটি'র উদ্যোগে এলাকায় বসবাসকারী বাড়ির মালিক, তরুণ, মুরব্বি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মো.ফরিদ উদ্দিন মৃধা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ মো.আবু বকর সিদ্দিক লিটন।

আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম জোবায়দুর রেজা, সহ-সভাপতি হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক শিশির মোল্লা, সাংবাদিক ও মানবাধিকার কর্মী আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা জাস্টিস এইড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব মোঃ মোশাররফ হোসাইন রাজু, কুড়াতলী পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি খালিদ সাইফুল্লাহ নোমানী, আননুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রাজ্জাক, বাংলাদেশ বিমানের প্রশাসনিক কর্মকর্তা মো. তাজুল ইসলাম, ইসলামী আন্দোলন ভাটারা থানার সভাপতি মো. আক্কাস আলী বেপারী, মোঃ এমরান শিকদার, মোঃ বিল্লাল হোসেন, দলিলুর রহমান, মোঃ শামছুল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মাদক, জুয়া, চুরি ও ছিনতাইয়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে তরুণ সমাজের একটি অংশ মাদকের কারণে বিপথে যাচ্ছে, যা পরিবার ও সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা কুড়াতলী এলাকায় মাদক বিক্রি, জুয়ার আসর এবং চুরির ঘটনা রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের পাশাপাশি এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সাংবাদিক মো. মোশাররফ হোসাইন রাজু বলেন, মাদক ও জুয়ার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও জরুরি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগই অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সভাপতির বক্তব্যে মো. ফরিদ উদ্দিন মৃধা বলেন, "মাদক, জুয়া ও চুরির কারণে আমাদের এলাকার পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে। আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন। এখন আর ঘরে বসে থাকার সুযোগ নেই। তাই আসুন, সবাই ঐক্যবদ্ধ হয়ে অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। কুড়াতলীকে একটি আদর্শ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনে আমি জীবন দিতেও প্রস্তুত।"

সভায় সর্বসম্মতিক্রমে মাদক, জুয়া ও চুরি প্রতিরোধে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আগামীতে আরও বৃহত্তর পরিসরে এলাকাবাসীকে নিয়ে সচেতনতামূলক সভা ও কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Shamiur Rahman

সম্পর্কিত