রাজবাড়ীতে ৩-দিনব্যাপী ফল মেলার উদ্বোধন
মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন
“করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস” প্রতিপাদ্য ধারণ করে রাজবাড়ীতে তিনদিন ব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।
মেলা উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শহিদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায়। অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবীব।
বক্তারা বলেন, ফল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ফল থেকেই আমরা শতভাগ পুষ্টি পেয়ে থাকি। কারণ এটি রান্না করা হয় না। এর কোন পুষ্টি চলে যায় না। আমাদের দেশে নানা ধরণের দেশীয় ফল রয়েছে। তাতে অনেক পুষ্টিগুন রয়েছে। একটি আমড়ায় আপেলের চেয়ে বেশি পুষ্টি রয়েছে। আবার এর দামও কম। তাই আমাদের দেশীয় ফল বেশি বেশি করে খেতে হবে। প্রতিটি মানুষের প্রতিদিন কমপক্ষে ১৫০ গ্রাম ফল খেতে হয়। সুস্থ থাকতে হলে ফল খাওয়া বিকল্প নেই।
মেলায় মোট ৯টি স্টল বসেছে। স্টলগুলোতে আম, কলা, কাঠাল, হরতুকি, জাম্বুরাসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মৌসুমি ফল ও ফলের চারা প্রদর্শন করা হয়।
Shamiur Rahman
