প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন
বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক শিক্ষা দপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিনের সই করা অফিস আদেশ থেকে এই তথ্য জানা গেছে
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ‘ফাঁসের’ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এi কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) প্রাথমিক শিক্ষা দপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিনের সই করা অফিস আদেশ থেকে এই তথ্য জানা গেছে।
এতে অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিলকে আহ্বায়ক করা হয়েছে।
কমিটির অপর দুজন হলেন- সদস্য অধিদপ্তরের উপবৃত্তি বিভাগের শিক্ষা অফিসার জিয়াউল কবির সুমন ও সদস্যসচিব প্রশাসন-২-এর সহকারী পরিচালক মোহাম্মদ রোখসানা হায়দার।
তিন বছরের বিরতির পর গত এপ্রিলে নেওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রস্তুতের কাজ শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলে তা বৃহস্পতিবার প্রকাশ করতে চেয়েছিল অধিদপ্তর।
আদেশে বলা হয়েছে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফল গত ৮ জুলাই চূড়ান্ত করা হয়। প্রস্তুতকৃত ফলাফল ওয়েবপোর্টালে আপলোড করতে প্রয়োজনীয় লিংক তৈরির জন্য অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে দায়িত্ব দেওয়া হয়।
এতে আরও বলা হয়েছে, ফল যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশের পূর্বে তা ওয়েবপোর্টালে আপলোড না করার জন্য তাকে নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু ৯ জুলাই সকাল ১০টায় ঢাকা বিভাগের ৯টি জেলার ফল ওই লিংকসমূহে আপলোড করা হয়। অল্প সময় সচল থাকায় এই লিংকসমূহ থেকে সাধারণ ব্যবহারকারীরা ফল ডাউনলোড করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন।
এই ঘটনায় অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম একটি প্রতিবেদন ইতোমধ্যে জমা দিয়েছেন উল্লেখ করে মহাপরিচালক ওই চিঠিতে লিখেছেন, লাইভ সার্ভারে লিংক তৈরি ও আপলোপ করার ক্ষেত্রে যে ধরনের নিরাপত্তা প্রটোকল মেনে চলা উচিত ছিল, তা অনুসরণ করা হয়নি। এই কাজের জন্য সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে চিঠিতে অনুরোধ করেছেন মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।
এই বিষয়ে মন্তব্য জানতে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসের সঙ্গে টেলিফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।
জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া বলেন, ‘অসাবধনতাবশত আপলোড করা নয়, জেলার ফল মুছে ফেলা হয়েছে। ফল প্রস্তুত করার কিছু কাজ এখনো বাকি আছে। আশা করা হচ্ছে, রোববার (১২ জুলাই) বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।’
অন্তর্বর্তী সরকার তিন বছর পর ২০২৫ সালে আবার বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা গত ১৪ এপ্রিল শুরু হয়ে ১৮ এপ্রিল শেষ হয়।
এর আগে, ২০০৮ সাল পর্যন্ত প্রাথমিকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা নেওয়া হত। পরের বছর তা বন্ধ করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু করা হয়। পরে ২০২২ সালে ডিসেম্বরে ‘পরীক্ষামূলকভাবে’ ফের প্রাথমিকে বৃত্তি পরীক্ষা নেওয়া শুরু হয়।
এবার প্রাথমিকের বৃত্তির জন্য মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী নির্বাচিত হবে। পরীক্ষার নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুল ও সাধারণ এই দুই ক্যাটাগরিতে বৃত্তি পাবে শিক্ষার্থীরা। ট্যালেন্টপুলে বা মেধাবৃত্তি পাবে সংখ্যা ৩৩ হাজার। আর সাধারণ বৃত্তি পাবে সাড়ে ৪৯ হাজার।
Shamiur Rahman
