দীর্ঘদিন দেশের ক্রীড়াঙ্গন স্থবির ছিল, পরিবেশ ফিরিয়ে আনছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
শনিবার (১১ জুলাই) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেছেন, দীর্ঘদিন দেশের ক্রীড়াঙ্গন স্থবির অবস্থায় ছিল। একসময় টাঙ্গাইল স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ থাকত, টিকিট কেটে মানুষ খেলা দেখতে আসত। কিন্তু গত ১৭ বছরে অগণতান্ত্রিক, স্বৈরাচারী ও ফ্যাসিস্ট শাসনের কারণে দেশের ক্রীড়াঙ্গনের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে যায়। বর্তমান সরকার সেই পরিবেশ পুনরুদ্ধারে কাজ করছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী টুকু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশে খেলাধুলার প্রসার ও তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জেলা পর্যায়ে ফুটবল প্রতিযোগিতার আয়োজনও সেই উদ্যোগেরই অংশ। খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি খেলাকে ঘিরে কোনো ধরনের বিদ্বেষমূলক আচরণ বা অপ্রীতিকর ঘটনা না ঘটানোর আহ্বান জানিয়ে বলেন, খেলাধুলা আনন্দ, সৌহার্দ্য ও সুস্থ প্রতিযোগিতার বার্তা বহন করে। তাই সবাইকে খেলাকে উৎসবের অংশ হিসেবে উপভোগ করতে হবে।
যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সুস্থ ও সুশৃঙ্খল সমাজ গঠনের অন্যতম শক্তি। টাঙ্গাইলে ভবিষ্যতে আরও বেশি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং জেলার ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
মাদকবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না এবং দেশের ভবিষ্যতের স্বার্থে এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব আরিফুল হক প্রিন্সসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আলী ইমাম তপন।
এবারের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলার ১২টি উপজেলা অংশ নিচ্ছে। প্রতিটি দলে অতিথি খেলোয়াড় হিসেবে পাঁচজন বিদেশি ফুটবলার অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। উদ্বোধনী দিনে টাঙ্গাইল সদর উপজেলা বাসাইল উপজেলার মুখোমুখি হয়। একই দিনে জেলার বিভিন্ন ভেন্যুতে আরও পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের সূচি অনুযায়ী আগামী ১৩ জুলাই দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৫ থেকে ১৯ জুলাই সুপার সিক্স পর্ব, ২৮ ও ২৯ জুলাই সেমিফাইনাল এবং আগামী ১ আগস্ট টাঙ্গাইল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ১৯৮০ সালে তৎকালীন জেলা প্রশাসক মো. রেজাউল ইসলামের উদ্যোগে টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলোর অংশগ্রহণে একসময় টুর্নামেন্টটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সর্বশেষ ২০১৫ সালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট মাঠে ফিরেছে, যা জেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
Shamiur Rahman
