জিপের গোপন চেম্বার থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উপজেলার চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার রূপসা শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়
রিপন মজুমদার, নোয়াখালী
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে একটি জিপ গাড়ির গোপন চেম্বারে লুকিয়ে রাখা প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত জিপটি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উপজেলার চৌমুহনী পৌরসভার করিমপুর এলাকার রূপসা শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় বেহুলা ইউনিয়নের ইটমুনি হেতালিয়া পাড়ার বাসিন্দা মৃত মোজাফফর আহমদ সিকদারের ছেলে মো. পারভেজ (৪২) এবং একই এলাকার শেখ চাঁন মিয়ার ছেলে মো. বিপ্লব (৪৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন একটি কালো রঙের হার্ডজিপে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির পেছনের ডান পাশের দরজায় বিশেষ কৌশলে তৈরি করা গোপন চেম্বার থেকে ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো ৪১টি কাগজের প্যাকেটে মোড়ানো ছিল। প্রতিটি প্যাকেটের ভেতরে থাকা মোট ১৯৬টি নীল রঙের জিপারযুক্ত পলিব্যাগে ইয়াবাগুলো সংরক্ষণ করা হয়েছিল।
পুলিশের ভাষ্য, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। ধারণা করা হচ্ছে, চালানটি দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল।
নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার পারভেজ একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন অভিযোগে অন্তত নয়টি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের উৎস, সরবরাহ চক্র এবং এর সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
Shamiur Rahman
