নোয়াখালীতে ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষ

কৃষক কার্ডের তথ্য সংগ্রহে যেয়ে কৃষি কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬ ১২:২১ এএম

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী-ছমিরমুন্সিরহাট সড়কের রোহিতার পোল এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন তিনি

রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে কৃষক কার্ডের তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বের হয়েছিলেন তিনি। সাপ্তাহিক ছুটির দিন হলেও দায়িত্ব পালনে একটুও পিছপা হননি। কিন্তু কে জানত, এদিন সকালই হবে তাঁর জীবনের শেষ সকাল। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কৃষি কর্মকর্তা মো: আবদুর রহমান।

শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী-ছমিরমুন্সিরহাট সড়কের রোহিতার পোল এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন তিনি।

নিহত আব্দুর রহমান সুমন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বাসিন্দা ও আব্দুর রশীদ খানের ছেলে। তিনি বেগমগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে করে একলাশপুর ইউনিয়নে কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে যাচ্ছিলেন সুমন। পথে রোহিতার পোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, "দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত আবদুর রহমানের সহকর্মী, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, দায়িত্ব পালনের উদ্দেশ্যে কর্মস্থলে যাওয়ার পথেই সুমনের এমন অকাল মৃত্যু বিভাগের জন্য অপূরণীয় ক্ষতি।

তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দৈনিক বর্তমান দিন এবং দ্য ইনভেষ্টর পত্রিকার সম্পাদক এবং দ্য ফিন্যান্স টুডে'র সম্পাদক ও প্রকাশক মো: মতিউর রহমান।

এক শোকবার্তায় মতিউর রহমান বলেন, শহীদতুল্য এই আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন হোক, তাঁর পরিবারের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা, ক্ষতিপূরণ ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা হোক—এটাই আমাদের প্রত্যাশা।

একজন সরকারি কর্মকর্তা হিসেবে তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করতে গিয়ে জীবন হারালেন। সরকারি কর্মকর্তারা ২৪ ঘণ্টাই রাষ্ট্রের দায়িত্বে নিয়োজিত। তাই রাষ্ট্রের কাছে আজ একটি মানবিক প্রশ্ন—দায়িত্ব পালনরত অবস্থায় প্রাণ হারানো এই কর্মকর্তার পরিবারের দায়িত্ব কি রাষ্ট্র নেবে?

Shamiur Rahman

সম্পর্কিত