উপজেলা শিক্ষা কর্মকর্তার সুপারিশে ব্যবস্থাপনা কমিটি অনুমোদনের প্রস্তাব প্রেরণ
আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ সদস্যের কমিটি গঠনের উদ্যোগ
উপজেলা শিক্ষা কর্মকর্তার সুপারিশে ব্যবস্থাপনা কমিটি অনুমোদনের প্রস্তাব প্রেরণ
মাগুরার শালিখা উপজেলায় আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটি গঠনের লক্ষ্যে অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন বিধিমালা-২০২৫ অনুযায়ী বিদ্যালয়ের ১২ সদস্যবিশিষ্ট একটি প্রস্তাবিত কমিটির তালিকা প্রস্তুত করা হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তার সুপারিশক্রমে কমিটির অনুমোদনের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি বরাবর আবেদন করা হয়।
প্রস্তাবিত কমিটিতে মুফি মনিরুজ্জামানকে সভাপতি এবং হাসিনা বেগম রুবীকে সহ-সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া অভিভাবক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, ভূমিদাতা, নারী প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রধান শিক্ষকসহ বিভিন্ন শ্রেণির প্রতিনিধিদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।
দাখিল করা প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়ের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বিধিমালা অনুসরণ করে এই ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির তালিকা উপজেলা শিক্ষা কর্মকর্তার যাচাই-বাছাই শেষে অনুমোদনের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির কাছে প্রেরণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, দ্রুত কমিটির অনুমোদন সম্পন্ন হলে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং অভিভাবকদের সম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
Shamiur Rahman
