কৃতি শিক্ষার্থী হিসেবে সংবর্ধনা পেলেন প্রতিমন্ত্রী টুকুকন্যা

‘ও’ এবং ‘এ’ লেভেলের কৃতি শিক্ষার্থীদের দ্য ডেইলি স্টার-প্রাইম ব্যাংকের সংবর্ধনা

শাহীন আব্দুল বারী প্রকাশিত: ২৫ জুলাই ২০২৬ ০৭:২৯ পিএম

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের কাছ থেকে সম্মাননা নিচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর মেয়ে সামিহা বিনতে সালাউদ্দিন

এই বছর সারাদেশের ১২১টি ইংরেজি মাধ্যমের মোট ২ হাজার ৫৪৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এর মধ্যে ১ হাজার ৯২৮ জন ও-লেভেল এবং ৬১৭ জন এ-লেভেলের শিক্ষার্থী

ও-লেভেল এবং এ-লেভেল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে দ্য ডেইলি স্টার এবং প্রাইম ব্যাংক।

আজ শনিবার ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিভাবক, পরিবার, শিক্ষক, বন্ধু ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সাড়ম্বর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি হিসেবে দ্য ডেইলি স্টার এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম এবং প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। উল্লেখ্য, টুকুর মেয়ে সামিহা বিনতে সালাউদ্দিন এই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী হিসেবে সংবর্ধনা পেয়েছেন।

অনুষ্ঠানের শুরুতে ব্রিটিশ কলম্বিয়া স্কুলের জিকরা হাফেজ নূর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন। উত্তরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রথমা দাস গীতা থেকে পাঠ করেন। অ্যাকাডেমিয়ার চার্লস ডেভিড বিশ্বাস বাইবেল থেকে এবং এ. জি. চার্চ স্কুলের সব্যসাচী বড়ুয়া ত্রিপিটক থেকে পাঠ করেন।

এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘স্যালুটিং দ্য নেশন বিল্ডার্স অব টুমরো (আগামীর দেশ গড়ার কারিগরদের অভিবাদন)’।

এই বছর সারাদেশের ১২১টি ইংরেজি মাধ্যমের মোট ২ হাজার ৫৪৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এর মধ্যে ১ হাজার ৯২৮ জন ও-লেভেল এবং ৬১৭ জন এ-লেভেলের শিক্ষার্থী।

পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ও-লেভেলে বিশ্বজুড়ে শীর্ষস্থান অর্জনকারী ৮৪ জন ও বাংলাদেশে প্রথম হওয়া ৪২ জন এবং এ-লেভেলে বিশ্বজুড়ে শীর্ষস্থান অর্জনকারী ৯ জন ও দেশে প্রথম হওয়া ২৮ জন শিক্ষার্থী রয়েছেন।

সংবর্ধনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Shamiur Rahman

সম্পর্কিত