রাজবাড়ীতে তিন বাহনকে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কা, নিহত ২, আহত ৬

নেহাল আহমেদ প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬ ১২:৪৩ পিএম

নিহতরা হচ্ছেন সদর ঊপ‌জেলার গোয়ালন্দ মোড় এলাকার ম‌নোয়ার হো‌সেন পা‌টোয়া‌রি এবং বা‌লিয়াকা‌ন্দি উপ‌জেলার ইসলামপুর ইউ‌নিয়‌নের শামুক‌খোলা গ্রা‌মের ময়নু‌দ্দিন শে‌খের ছে‌লে মা‌লেক শেখ

রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় একটি বাস, অ‌টো‌রিক্সা ও একটি মাহিন্দ্রা দুমড়ে-মুচড়ে গেছে। এই ঘটনায় ২ জন নিহত ও ৬ জন গুরুতর আহত হয়েছেন। র‌বিবার রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন সদর ঊপ‌জেলার গোয়ালন্দ মোড় এলাকার ম‌নোয়ার হো‌সেন পা‌টোয়া‌রি এবং বা‌লিয়াকা‌ন্দি উপ‌জেলার ইসলামপুর ইউ‌নিয়‌নের শামুক‌খোলা গ্রা‌মের ময়নু‌দ্দিন শে‌খের ছে‌লে মা‌লেক শেখ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজবাড়ীগামী একটি তেলবাহী ট্রেন রাত সাড়ে ৮টার দিকে খানখানাপুর রেলগেট অতিক্রম করছিল। ট্রেনটি রেলগেট পার হওয়ার আগেই পেছনের পাঁচটি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ইঞ্জিন ও সামনের অংশ রেলগেট অতিক্রম করায় গেটম্যান রেললাইন ফাঁকা মনে করে ব্যারিয়ার তুলে দেন। এসময় একটি যাত্রীবাহী বাস ও একটি মাহিন্দ্রা রেললাইন পার হওয়ার সময় বিচ্ছিন্ন হয়ে আসা বগিগুলোর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি ধাক্কা খেয়ে রেললাইনের পাশের খাদে চলে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহতদের উদ্ধার শুরু করেন। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ, রেলও‌য়ে পু‌লিশ, সদর থানা পু‌লিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজবাড়ী থানার ও‌সি উত্তম কুমার ঘোষ ব‌লেন, এই ঘটনায় একজন ফ‌রিদপুর নেওয়ার প‌থে মারা গে‌ছেন। অন্য একজন ফ‌রিদপু‌রে চি‌কিৎসাধীন অবস্থায় মারা গে‌ছেন। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাটি গেটম্যানের গাফিলতি নাকি যান্ত্রিক ত্রুটির কারণে ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষে দুর্ঘটনার সঠিক কারণ ও প্রকৃত হতাহতের সংখ্যা জানানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Shamiur Rahman

সম্পর্কিত