বিএনপির ১২ নেতাকে গুরুত্বপূর্ণ সংস্থা ও প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ জুলাই ২০২৬ ০৭:০১ পিএম

বৃহস্পতিবার  জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত পৃথক ১২টি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়

বিভিন্ন সরকারি সংস্থা, বোর্ড ও করপোরেশনের শীর্ষ পদে চুক্তিভিত্তিক ১২টি পদে বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিবের পদ ব্যতীত অপর ১১টি পদে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য এই নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার  জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত পৃথক ১২টি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
 
দলীয় সূত্রে জানা গেছে, নিয়োগপ্রাপ্তরা সবাই বিএনপির পদধারী নেতা। আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা এসব নেতার মধ্যে কয়েকজন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাসেউল হক বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান এবং সহ-ধর্মবিষয়ক সম্পাদক এ টি এম আবদুল বারী ভূঁইয়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মো. কামরুজ্জামানকে নিরীক্ষী সচিব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে গঠিত সংরক্ষিত আসন পুনর্বিন্যাস কমিটির সদস্যসচিব মো. সামসুল আলমকে নির্বাচন কমিশন সচিবালয়ে, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেককে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান এবং সহ-দপ্তর ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওশনুল ইসলাম (টিপু)-কে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

অন্যদিকে, বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)-এর চেয়ারম্যান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামান (সুরুজ)-কে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি জাকির হোসেন (সিদ্দিকী)-কে বাংলাদেশ জুট বোর্ডের চেয়ারম্যান এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুন হাসানকে বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এছাড়া জাতীয়তাবাদী শ্রমিক দলের মহাসচিব সালাউদ্দিন সরকার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে দায়িত্ব পেয়েছেন।

প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের নিজ নিজ অন্যান্য পেশা, ব্যবসা কিংবা কোনো সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা থাকলে তা যোগদানের পূর্বেই বিচ্ছিন্ন করতে হবে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাঁদের এই চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর থাকবে।

একাধিক গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে বিএনপির নেতাদের এই নিয়োগ প্রশাসনিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। তবে এসব নিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Shamiur Rahman

সম্পর্কিত