শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
শনিবার (১ আগস্ট) সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ কর্মসূচির উদ্বোধন এবং অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন
শিক্ষার্থীদের যুগোপযোগী, দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার শিক্ষা ব্যবস্থার পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও সহশিক্ষা কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (১ আগস্ট) সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ কর্মসূচির উদ্বোধন এবং অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবেও তিনি সরকারের শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগের কথা তুলে ধরেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষার গুণগত মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষার্থীরা যাতে পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে নিজেদের বহুমুখী দক্ষতা অর্জন করতে পারে এবং ভবিষ্যতের কর্মজীবনের জন্য প্রস্তুত হতে পারে, সে লক্ষ্যেই বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, ‘মিড-ডে মিল’ কর্মসূচি একটি সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ। এর মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত হওয়ার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং শিক্ষার অনুকূল পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবাই নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করলে দেশ আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
শিক্ষা ব্যবস্থার উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার ভিত্তি শক্তিশালী করতে হলে প্রাথমিক স্তর থেকেই উন্নয়ন কার্যক্রম শুরু করতে হবে। তিনি উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে প্রাথমিক পর্যায়ে অবৈতনিক শিক্ষা চালু হয়েছিল, যা পরবর্তীতে ডিগ্রি পর্যায় পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। পাশাপাশি সরকার বিভিন্ন ধরনের বৃত্তি ও সহায়তা কর্মসূচিও বাস্তবায়ন করছে। ফলে শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে প্রাথমিক স্তর থেকেই পরিকল্পিতভাবে কাজ করা প্রয়োজন।
শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, বিদ্যালয়গুলোতে কীভাবে শিক্ষার্থীদের জন্য প্রোটিনসমৃদ্ধ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা যায়, সে বিষয়ে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়ন করছে।
মাদকবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলে কোনোভাবেই মাদকের বিস্তার হতে দেওয়া হবে না। যুবসমাজ ও শিক্ষার্থীদের ধ্বংসের অন্যতম কারণ মাদক। তাই এর বিরুদ্ধে প্রশাসন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, সন্তানের শিক্ষার জন্য অভিভাবকরা অক্লান্ত পরিশ্রম করেন। অনেক পরিবার জমি, ফসল কিংবা গবাদিপশু বিক্রি করেও সন্তানের লেখাপড়ার ব্যয় বহন করে। সেই সন্তান যদি মাদকের সঙ্গে জড়িয়ে পড়ে, তবে পরিবারের সব ত্যাগ ও স্বপ্ন ব্যর্থ হয়ে যায়। তাই শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে মনোযোগসহকারে পড়াশোনা করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. লুৎফুর রহমান মতিন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান মোল্লা বক্তব্য রাখেন।
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সাংবাদিক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়া রোধ এবং শিক্ষার্থীদের নিয়মিত পুষ্টিকর খাবার নিশ্চিত করতে ‘মিড-ডে মিল’ কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুম, ‘মিড-ডে মিল’ কার্যক্রম এবং শিক্ষার্থীদের জন্য পরিবেশিত খাবার বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Shamiur Rahman
