রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০
সোমবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার পাইকারা মোড়ে এই দুর্ঘটনা ঘটে
রাজবাড়ীর কালুখালী উপজেলায় বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্র চালক নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার পাইকারা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিন্দ্র চালকের নাম আব্দুর রহমান বাবলু (৫৫)। তিনি কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের করদি গ্রামের সাদেক আলী শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুষ্টিয়াগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পাইকারা মোড় এলাকায় পৌঁছালে রাজবাড়ীগামী একটি মাহিন্দ্রের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাহিন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আব্দুর রহমান বাবলু ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, বাস ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্র চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাস ও মাহিন্দ্র জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Shamiur Rahman
