মালিবাগে র্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা মোবাইল ফোনের পরিবর্তে ওয়াকিটকির মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করত
রাজধানীর মালিবাগ বাজার সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ একটি সন্ত্রাসী গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের দাবি, গ্রেপ্তারকৃতরা খিলগাঁও, গোড়ান ও মালিবাগ বাজার এলাকায় সক্রিয় ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা মোবাইল ফোনের পরিবর্তে ওয়াকিটকির মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করত।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, স্বাধীন আহমেদ রনি (৩৫), সাজ্জাদ হোসেন সোহাগ (৩০) ও মেহেদী হাসান(২৪)। তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি, তিনটি ওয়াকিটকি সেটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর শাহজাহানপুরে র্যাব-৩-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৩-এর পরিচালক লে. কর্নেল ফায়েজুল আরেফীন।
তিনি বলেন, খিলগাঁও গভর্নমেন্ট কলোনি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি টাউন হল সভা অনুষ্ঠিত হয়। র্যাব ও জনগণের মধ্যে আস্থা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ওই সভায় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কথিত মাদক কারবারি স্বাধীন আহমেদ রনির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় র্যাব।
আসামী রনিকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে র্যাব-৩ এর সদস্যরা
তিনি আরও জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মালিবাগ বাজার রোডে রনির ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় সেখান থেকে একটি চাইনিজ কুড়াল, একটি চাইনিজ চাপাতি, একটি সুইচ গিয়ার, তিনটি ওয়াকিটকি সেট ও দুটি চার্জার জব্দ করা হয়।
পরে, রনির দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অন্য দুটি অভিযানে সোহাগ ও মেহেদীকে ৩টি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, ৫টি ম্যাগাজিন ও ৩৮ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।
সন্ত্রাসীদের অপরাধের কৌশল সম্পর্কে র্যাব-৩ এর অধিনায়ক জানান, "তারা দীর্ঘদিন ধরে খিলগাঁও, মালিবাগ ও গোড়ান এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন নির্মাণাধীন প্রকল্প ও নির্মাণ ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করতেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা মোবাইল ফোনের পরিবর্তে ওয়াকিটকির মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন।"
জনগণের সহযোগিতার প্রশংসা করে লে. কর্নেল ফায়েজুল আরেফীন জোর দিয়ে বলেন, "সাধারণ মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান সফল হয়েছে। পরবর্তীতে এমন অভিযান চলমান থাকবে।"
Shamiur Rahman
