জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হলেন ওবায়দুর রহমান
বুধবার (৬ আগস্ট ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সচিব (সংযুক্ত) মো. ওবায়দুর রহমানকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিব (সংযুক্ত) হিসেবে কর্মরত মো. ওবায়দুর রহমান (পরিচিতি নম্বর-৬২৭৮)-কে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব পদে বদলি/পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি কর্ম কমিশন, সরকারি আবাসন পরিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
এই পদায়নের মাধ্যমে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যক্রমে নতুন নেতৃত্ব যুক্ত হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হওয়ায় দ্রুতই নতুন দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
মো. ওবায়দুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। এর আগে তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিবেরও দায়িত্ব পালন করেছেন।
মো. ওবায়দুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ১৫তম ব্যাচের (প্রশাসন ক্যাডার) একজন কর্মকর্তা। তিনি ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি শিল্প মন্ত্রণালয়ের সচিব পদে পদোন্নতি পান। চলতি বছরের জুন পর্যন্ত এই দায়িত্ব পালন করেন।
এর আগে, তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মো. ওবায়দুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বিসিএস ১৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন।
তিনি পটুয়াখালী জেলা প্রশাসনে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন।সর্বশেষ চলতি বছর জুন মাসে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
Shamiur Rahman
