বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬ ১২:৪০ এএম

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়

সাংবাদিক ও কবি কাজী জেসিনকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। তিনি অন্তর্বর্তী সরকারের সময়ে দায়িত্ব পাওয়া মো. মাহবুবুল আলমের স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা ১১(২) অনুযায়ী অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে কাজী জেসিনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

গনমাধ্যম অঙ্গনে দীর্ঘ পেশাগত জীবনে কাজী জেসিন দৈনিক আমার দেশ, এনটিভি, চ্যানেল ওয়ান, একুশে টিভি, বাংলাভিশন ও যমুনা টিভিতে কাজ করেছেন।

আরেক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বিটিভির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া মো. মাহবুবুল আলমের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

বিএনপি সরকার গঠনের পর বিভিন্ন সরকারি দপ্তরে রদবদলের ধারাবাহিকতায় ছয় মাস পর এবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন স্টেশনটির প্রধান পদে পরিবর্তন এল।

Shamiur Rahman

সম্পর্কিত