দরপত্র ছাড়া ২০০ বিদ্যুচ্চালিত বাস কিনছে সরকার

বিশেষ প্রতিবেদক প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬ ০৪:৩৭ এএম

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব বাস কেনার অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

দরপত্র ছাড়াই বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) জন্য ২০০টি বিদ্যুৎচালিত বাস ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এগুলো থেকে শহরের নারী যাত্রীদের চলাচলের জন্য বিশেষ বাসও রাখা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব বাস কেনার অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্ঠৈকের পর অর্থ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির নেওয়া সিদ্ধান্তের বিষয়ে জানায়।

দরপত্র ছাড়া সরাসরি কেনাকাটা করতে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) বৈঠকের নীতিগত অনুমোদন লাগে। গণখাতে ক্রয় বিধির (পিপিআর) ক্ষেত্রে এই নিয়ম মানা হয়।

পরিবহন ও মহাসড়ক বিভাগের এই প্রস্তাবের আওতায় সরকারি অর্থায়নে বিআরটিসির জন্য এসব বাস কেনা হবে।

কমিটি নারীদের বিশেষ বাসসহ ২০০টি বিদ্যুৎচালিত বাসের পাশাপাশি বাস চালানোর জন্য চার্জিং স্টেশন স্থাপন এবং প্রয়োজনীয় আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে কেনার প্রস্তাব অনুমোদন করে।

জ্বালানি সাশ্রয় বিবেচনায় সরকার বিদ্যুৎচালিত বাস আমদানির দিকে ঝুঁকছে। সরকারি ও বেসরকারি উভয়ক্ষেত্রে এসব বাস ব্যবহারের নীতিগত সিদ্ধান্তের আওতায় নানাবিধ শুল্ক ছাড়ও দেওয়া হয়েছে চলতি অর্থবছরের বাজেটে।

এর আগে স্কুলগামী শিক্ষার্থীদের যাতায়াতেও বিদ্যুৎচালিত বাস আমদানির জন্য শুল্ক ছাড় দেওয়া হয়। এছাড়াও গণপরিবহন এবং নারীর যাতায়াত নিশ্চিত ও নিরাপত্তা বলয় বাড়াতে বিদ্যুৎচালিত বিশেষ বাস সেবা চালুর কথা বলে আসছিল বিএনপি।

এর আগে, গত ২ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. শামসুল হকের বৈঠকে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের মধ্যে রাজধানীতে নারী যাত্রীদের বিশেষ বাস সার্ভিস চালুর আলোচনা হয়। এর পাঁচ মাস পর বাস কেনার নীতিগত অনুমোদন দিল সরকার।

Shamiur Rahman

সম্পর্কিত