মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা, সাবেক কাউন্সিলর হাবিব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬ ০৯:৫৬ পিএম

বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাতে রাজধানীর লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন তালুকদার হত্যায় জড়িত থাকার অভিযোগে সাবেক কাউন্সিলর বিএনপি নেতা খাজা হাবিবুল্লাহ হাবিবকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) রাতে রাজধানীর লালবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (০৭ আগস্ট) রাতে তথ্যটি নিশ্চিত করেছেন ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম বলেন, ‘এজাহারভুক্ত আসামি না হলেও ওই ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এজন্য তাকে গ্রেপ্তার করেছে ডিবি। তাকে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করা হচ্ছে।’

এর আগে গত ৮ জুন রাতে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে সালিশ বৈঠকের মধ্যে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় পরদিন একটি মামলা করেন নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন। তাতে যুবদলের ২১ নেতাকর্মীকে আসামি করা হয়।

নিহতের ভাই ছাত্রদলের সাবেক নেতা হেলাল সাদী বলেন, ‘খাজা হাবিবুল্লাহ হাবিব এই ঘটনায় জড়িত ছিলেন কি না আমার জানা নেই। আমাদের করা মামলায় তিনি আসামি নন। তাকে গ্রেপ্তারের বিষয়ে ডিবি আমাদের কিছু জানায়নি। হয়তো তদন্তে তার সম্পৃক্ততা বেরিয়ে এসেছে।’

এর আগে এই মামলার এজাহারভুক্ত ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই হত্যাকান্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত রমনা থানা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করা হয়নি। তিনি আগাম জামিনে আছেন।

ঘটনার পর পুলিশ জানিয়েছিল, আনারকলি মার্কেটের সামনের ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে প্রকৃতপক্ষে কী কারণে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা করা হয়, তা জানার চেষ্টা করছে পুলিশ।

Shamiur Rahman

সম্পর্কিত