ছেলের বিরুদ্ধে মারধরের অভিযোগ

বরগুনায় সাবেক পিপি ভুবন চন্দ্র দাসের রহস্যজনক মৃত্যু

মো: মিরাজ হোসেন প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩১ পিএম

এলাকার সচেতন মহল এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন

বরগুনা জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ভুবন চন্দ্র দাসের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজও তিনি পেশাগত দায়িত্ব পালন শেষে সদর উপজেলার বাসায় ফিরেছিলেন। বাসায় ফেরার পর পারিবারিক কলহের জের ধরে তার ছেলে তাকে মারধর করে বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এটি স্বাভাবিক মৃত্যু নাকি মারধরের কারণে হত্যা, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এলাকার সচেতন মহল এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

এই বিষয়ে বরগুনা সদর থানা পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Shamiur Rahman

সম্পর্কিত