এফটি পরিবারের শোকবার্তা

যুক্তরাজ্যে বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬ ০৪:৫৫ পিএম

২রা অক্টোবর (শুক্রবার) লন্ডনের সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় তৌফিক ইমরোজ খালিদী ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর

সিনিয়র সাংবাদিক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

২রা অক্টোবর (শুক্রবার) লন্ডনের সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় তৌফিক ইমরোজ খালিদী শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ কবে দেশে আনা হবে তা এখনো ঠিক হয়নি। জানাজা ও দাফনের স্থান ও সময় চূড়ান্ত হলে পরিবারের তরফে তা জানিয়ে দেয়া হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তৌফিক ইমরোজ খালিদী ছেলের সঙ্গে দেখা করতে ব্যক্তিগত সফরে লন্ডনে গিয়েছিলেন। সেখানে হঠাৎ করেই মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয় তার। বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাতে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে, স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ২৩ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, বিডিনিউজ ২৪ ডট কম এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দ্য ফিন্যান্স টুডের সম্পাদক ও প্রকাশক মো. মতিউর রহমান।

আজ এক শোকবার্তায় তিনি বলেন, দেশের অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক বিকাশে তৌফিক ইমরোজ খালিদী ছিলেন একজন অনন্য পথিকৃৎ। তাঁর প্রয়াণে বাংলাদেশ একজন অত্যন্ত অভিজ্ঞ, সজ্জন ও বরেণ্য গণমাধ্যম ব্যক্তিত্বকে হারালো। 

তিনি উল্লেখ করেন, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যু দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর দীর্ঘ ও বর্ণাঢ্য সাংবাদিকতা জীবন এবং অনলাইন গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান সাংবাদিক সমাজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও বলেন, ‘সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনে বরাবরই তৌফিক ইমরোজ খালিদী ছিলেন নির্ভীক ও দ্বিধাহীন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।’

উল্লেখ্য, তৌফিক ইমরোজ খালিদী ১৯৬৭ সালের ১৪ জুন ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগ থেকে বিএ (সম্মান) এবং এমএ ডিগ্রি অর্জন করেন তিনি। কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়টির ইংরেজি সাহিত্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের সাংবাদিকতা জগতে একজন অভিজ্ঞ ও সুপরিচিত গণমাধ্যম ব্যক্তিত্ব ছিলেন। সাংবাদিকতা পেশায় তার কর্মজীবন শুরু হয় ১৯৮৯ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে স্নাতোকত্তোর শেষ করে তিনি যোগ দেন সানডে এক্সপ্রেস পত্রিকায়। তিনি প্যারিসের জার্নালিস্টস ইন ইউরোপ ফাউন্ডেশন এবং জাপান ফরেন প্রেস সেন্টারের ফেলো হিসেবে আন্তর্জাতিক সাংবাদিকতায় বিশেষ প্রশিক্ষণ নেন।

২০০০ সালের ফেব্রুয়ারি থেকে ২০০৫ সালের জুন পর্যন্ত তিনি লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে কাজ করেন। এর আগে তিনি দ্য ডেইলি স্টারে কূটনৈতিক প্রতিবেদক, বিজনেস এডিটর, যুগ্ম বার্তা সম্পাদক এবং উইকেন্ড এডিশনের বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ফিনান্সিয়াল এক্সপ্রেসে সহকারী সম্পাদক ও সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে কাজ করেছেন।

তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সালের ২৩ অক্টোবর নতুন আঙ্গিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পথচলার শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Shamiur Rahman

সম্পর্কিত