মঙ্গলবার লটারির মাধ্যমে ঢাকার সাব-রেজিস্ট্রার বদলি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৬ ০৬:১১ পিএম

৬ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠিত হবে

ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে সাব-রেজিস্ট্রার বদলি করা হবে লটারির মাধ্যমে। বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে আগামী মঙ্গলবার এই লটারি অনুষ্ঠিত হবে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের সিদ্ধান্ত অনুযায়ী, ৬ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই লটারি অনুষ্ঠিত হবে।

আজ ৪ অক্টোবর (রবিবার) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোর জন্য নির্ধারিত পদে দেশের বিভিন্ন জেলার সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত সাব-রেজিস্ট্রারদের মধ্য থেকে লটারির মাধ্যমে বদলি করা হবে। লটারি কার্যক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান উপস্থিত থাকবেন।

মন্ত্রণালয় জানিয়েছে, জনসাধারণের সম্পত্তি নিবন্ধনসংক্রান্ত সেবা আরও সহজ, সুশৃঙ্খল ও হয়রানিমুক্ত করতে সাব-রেজিস্ট্রি অফিসগুলোর কার্যক্রমে প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার ও শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যেই লটারির মাধ্যমে বদলি কার্যক্রম চালু করা হচ্ছে।

Shamiur Rahman

সম্পর্কিত