বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার
সোমবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (বাড্ডা জোন) মো. আসাদুজ্জামান
রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। একটি ই-মেইলের মাধ্যমে হুমকি পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
সোমবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (বাড্ডা জোন) মো. আসাদুজ্জামান।
পুলিশ জানিয়েছে, গত রোববার রোববার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ওই ই-মেইলটি আসে। এর পরিপ্রেক্ষিতে ক্যাম্পাসে কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) ও স্থানীয় থানা পুলিশের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
‘[email protected]’ নামের একটি ঠিকানা থেকে বার্তাটি পাঠানো হয়। ওই ই-মেইলে ৬ অক্টোবর (মঙ্গলবার) ক্যাম্পাসে একাধিক বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়।
ই-মেইল বার্তায় বলা হয়, ‘আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খা ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাব। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখো যে, যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামীকাল ৬ অক্টোবর আনুমানিক বেলা ১১টায় এই হামলা করা হবে।’
এই বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান বলেন, এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। এটা পোটেনশিয়াল কোনো হুমকি না। এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে বাড্ডা থানায়। বিষয়টি তদন্ত করছে ডিবির সাইবার টিম।
তিনি আরও বলেন, এই ঘটনায় আমাদের কাছে সংশ্লিষ্ট থানা এলটি জিডি ফরওয়ার্ড করেছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।
এই বিষয়ে জানতে চাইলে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জিডি করার পর ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। অদ্যাবধি হুমকিদাতা ব্যক্তি বা গোষ্ঠীকে শনাক্ত করা যায়নি। তবে বিষয়টি নিয়ে আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের মতামত নিয়ে নিবিড় অনুসন্ধান চলমান আছে।
Shamiur Rahman
