৪৯তম বিশেষ বিসিএস

বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬ ০৩:৪২ এএম

পূর্বঘোষণা অনুযায়ী সোমবার (৫ অক্টোবর) রাতে বিশেষ শিক্ষা ক্যাডারে ৪০ জনকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়

বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাতে বিশেষ শিক্ষা ক্যাডারে ৪০ জনকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গত ২ অক্টোবর (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গনমাধ্যমকে জানিয়েছিলেন, ৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে বাদপড়া ৪৬ জনের গেজেট সোমবারের মধ্যে প্রকাশ করা হবে। সেই ঘোষণা অনুযায়ীই সোমবার রাতে অবশিষ্ট এই ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি করল সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টির বিষদ ব্যাখ্যা দিয়ে জানান, সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে প্রথমে ৬৬৮ জনকে সুপারিশ করার কথা বিভিন্ন সংবাদে এসেছে। তবে প্রকৃত সংখ্যা ৬৬৫। কারণ, তিনজন প্রয়োজনীয় সনদ জমা দিতে পারেননি। বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার আবেদনের ক্ষেত্রে পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সনদ দিয়ে আবেদন করা গেলেও চূড়ান্ত পর্যায়ে মূল বা সাময়িক সনদ জমা দিতে হয়। ওই তিনজন তা জমা দিতে পারেননি। এছাড়া আটজন প্রার্থী স্বাস্থ্য পরীক্ষায় উপস্থিত হননি। ফলে সব প্রক্রিয়া মিলিয়ে ৬৫৭ জন প্রার্থীর বিষয়টি বিবেচনায় আসে। তাঁদের মধ্যে ৬১১ জনের নামে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চলছে।

প্রার্থীদের নিয়োগে রাজনৈতিক বৈষম্যের অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করে সালাহউদ্দিন আহমদ বলেন, কাউকে কোনো রাজনৈতিক পরিচয়ের কারণে বঞ্চিত বা বৈষম্য করা হয়নি। তবে নিরাপত্তা যাচাই বা পুলিশ ভেরিফিকেশনের জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হয়। কারও বিরুদ্ধে যদি গুরুতর কোনো অপরাধের প্রমাণ মেলে, তবে হাজারে এক-দুইজন বাদ পড়তে পারেন, যা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া।

সোশ্যাল মিডিয়ায় নিয়োগ না পাওয়ার আশঙ্কায় এক প্রার্থীর আত্মহত্যার হুঁশিয়ারি সংক্রান্ত স্ট্যাটাসের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওই ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের পদধারী নেতা ছিলেন। তিনি নিজেই রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে নিয়োগ দেওয়া হবে না বলে ভুল ধারণা তৈরি করে বিভ্রান্তি ছড়াচ্ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেন, কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয়ের ওপর ভিত্তি করে সরকার কোনো বৈষম্য করবে না, তবে আইনানুগ ভেরিফিকেশন প্রক্রিয়া সবার জন্যই প্রযোজ্য থাকবে।

Shamiur Rahman

সম্পর্কিত