দোষীদের গ্রেপ্তার, বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে ক্ষুব্ধ সাংবাদিক সমাজের মানববন্ধন
ময়মনসিংহে দুই শীর্ষ গনমাধ্যমের সম্পাদকের ওপর নারকীয় সন্ত্রাসী হামলা; নেপথ্যে ভ্যাট কর্মকর্তা মাজহারুল
ভ্যাট কর্মকর্তা মাজহারুলের শতকোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধানকালে ফ্যাসিবাদের দোসরখ্যাত সহোদরের ত্রাস সৃষ্টি। সম্পাদককে হত্যাচেষ্টা, গাড়ি ভাংচুর, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নগদ অর্থ ছিনতাই ও প্রাণনাশের হুমকি। সাংবাদিকদের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ
অর্থনীতির অন্যতম চালিকাশক্তি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাতিষ্ঠানিক উন্নয়ন, রাজস্ব আহরণে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা, সৎ ও নিষ্ঠাবান রাজস্ব কর্মকর্তাদের কর্মদক্ষতা ও অবদান তুলে ধরা, রাজস্ব খাতের যুগোপযোগী সংস্কারের প্রয়োজনীয়তা এবং কর্মক্ষেত্রে বিদ্যমান কাঠামোগত প্রতিবন্ধকতা দূর করতে সরকারের দৃষ্টি আকর্ষণে দীর্ঘদিন ধরে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে দেশের আলোচিত অর্থনৈতিক ও অনুসন্ধানী গণমাধ্যম দ্য ফিন্যান্স টুডে। একই সঙ্গে রাজস্ব প্রশাসনের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাজ, অনিয়মে জড়িত ও ক্ষমতার অপব্যবহারকারী কর্মকর্তাদের প্রভাব বলয় ভেঙে দিতে তথ্য-উপাত্তনির্ভর অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থে সোচ্চার থেকেছে গণমাধ্যমটি।
কিন্তু দুর্নীতির বিরুদ্ধে এই আপসহীন অবস্থানই কি এবার দ্য ফিন্যান্স টুডেকে প্রতিহিংসা, অপপ্রচার ও পরিকল্পিত অপকৌশলের মুখে ঠেলে দিল? জাতীয় রাজস্ব বোর্ডেরই এক কর্মকর্তার বিরুদ্ধে শতকোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে এবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ এবং ৩ যুগ ধরে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের সুনাম অর্জনকারী ‘দ্য ফিন্যান্স টুডে’র সম্পাদক মোঃ মতিউর রহমান এবং স্বাধীন বাংলার প্রধান সম্পাদক সালাহ উদ্দিন মিঠু।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটের বিতর্কিত রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামের বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তথ্য-উপাত্ত সংগ্রহকালে পরিকল্পিতভাবে তাঁদের ওপর এই হামলা চালানো হয়।
গত ১৩ নভেম্বর (শুক্রবার) সকালে ময়মনসিংহের গফরগাঁওয়ের কাওরাইদ বাজার এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে তাদের ওপর এই হামলার ঘটনা ঘটে। এ সময় খ্যাতনামা সাংবাদিক মতিউর রহমানকে হত্যাচেষ্টা, সহকর্মী সালাহ উদ্দিন মিঠুকে মারধর, বহনকারী গাড়ি ভাঙচুর এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র, নগদ ৯ হাজার টাকা, এটিএম কার্ড ও জাতীয় পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। একইসঙ্গে তাদের আটক করে জোরপূর্বক হামলা ও বিভিন্ন ঘটনা সাজিয়ে ভিডিও ধারণ করা হয়।
ঘুষ, দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে অর্জিত শতকোটি টাকার অবৈধ সম্পদ ফাঁস হওয়া এবং ক্ষমতার অপব্যবহার করে গড়ে তোলা নিজের বিশাল সাম্রাজ্য ধ্বসে পড়ার আশংকায় অভিযুক্ত রাজস্ব কর্মকর্তা মাজহারুল ইসলামের নির্দেশে তারই সহোদর স্বপন মেম্বারের প্রত্যক্ষ মদদে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী গোষ্ঠী এই হামলা চালায় বলে নিশ্চিত হওয়া গিয়েছে।
ন্যাক্কারজনক এই ঘটনাটি কেবল দুইজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা নয়; বরং দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানী সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন সামনে নিয়ে এসেছে। বিশেষ করে সরকারি রাজস্ব বিভাগের একজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিকদের যদি এভাবে হামলা ও প্রাণনাশের হুমকির মুখে পড়তে হয়, তাহলে সাধারণ মানুষের দুর্নীতির তথ্য জানার অধিকার কতটা সুরক্ষিত আর দুর্নীতি প্রতিরোধে সরকারই বা কতোটা আন্তরিক—সেই প্রশ্নও সামনে এসেছে।
অভিযোগ অনুসন্ধানকালে হামলা
অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশে অগ্রগন্য গনমাধ্যম দ্য ফিন্যান্স টুডে'র সম্পাদক মো. মতিউর রহমান জাতীয় দৈনিক 'বর্তমানদিন' এবং 'দ্য ইনভেস্টর' এর প্রধান সম্পাদক এবং সম্পাদক-প্রকাশক পরিষদ বাংলাদেশের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তাঁর কার্যালয়ে একাধিক ভুক্তভোগী এনবিআরের রাজস্ব কর্মকর্তা মাজহারুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ জানিয়ে আসছিলেন।
অভিযোগ অনুযায়ী, মাজহারুল ইসলাম নিজ এলাকায় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে একটি বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে তাঁর নামে একাধিক ফ্ল্যাট ও প্লট, ঢাকায় নামে-বেনামে সম্পদ এবং নিজ এলাকায় প্রায় দুই একর জমি কেনার তথ্য রয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারীরা।
এসব অভিযোগের সত্যতা যাচাই এবং জনস্বার্থে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির উদ্দেশ্যে ১৩ নভেম্বর (শুক্রবার) সকালে সম্পাদক মতিউর রহমান, সাংবাদিক সালাহউদ্দিন মিঠু ও তাঁদের গাড়িচালক গফরগাঁওয়ের কাওরাইদ বাজার এলাকায় যান। তথ্য সংগ্রহের একপর্যায়ে মাজহারুল ইসলামের নির্দেশনায় তাঁর ভাই স্বপন মেম্বারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন তাঁদের ওপর অতর্কিত হামলা চালান।
এসময় হামলাকারীরা মতিউর রহমানকে এলোপাতাড়ি মারধর করে। তাঁর বাম চোখের নিচে এবং শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাত করা হয়। একপর্যায়ে তাঁকে মাটিতে ফেলে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। একই সময়ে সাংবাদিক সালাহউদ্দিন মিঠুকেও মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। তাঁদের চিৎকার শুনে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে, স্থানীয়দের সহায়তায় আহত দুইজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরবর্তীতে তাদের মেডিসিন বিভাগে স্থানান্তর করে চিকিৎসা দেয়া হয়।
উল্লেখ্য, মতিউর রহমান হৃদরোগে আক্রান্ত এবং তাঁর হৃদপিণ্ডে দুটি রিং বসানো রয়েছে। এমন শারীরিক অবস্থায় তাঁর ওপর এই ধরনের নৃশংস হামলা গুরুতর জীবনঝুঁকি তৈরি করেছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
গাড়ি ভাঙচুর, কাগজপত্র, নগদ অর্থ ও এটিএম কার্ড ছিনতাই
এদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের প্রাথমিক চিকিৎসা শেষে ঘটনাস্থল থেকে ফেরার পথে কাওরাইদ বাজারের সড়কে তাঁদের ব্যবহৃত ঢাকা মেট্রো-চ-৫৬-২৭৩৯ নম্বরের এক্স-নোহা গাড়ির গতিরোধ করে হামলাকারীরা। পরে গাড়িটির দুই পাশসহ বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ সময় স্বপন মেম্বার তাঁদের গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র, মতিউর রহমান ও সালাহউদ্দিন মিঠুর জাতীয় পরিচয়পত্র এবং দুটি ব্যাংকের এটিএম কার্ড জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যান এবং ভবিষ্যতে বড় ভাই মাজহারুল ইসলামের বিরুদ্ধে কোনো দুর্নীতি বা অনিয়মের সংবাদ প্রকাশ করলে তাঁদের গুম করে হত্যা করে গফরগাঁও নদীতে ফেলে দেওয়া হবে বলে প্রকাশ্যে হুমকি দেন।
অনুসন্ধানী সাংবাদিকতাকে স্তব্ধ করার চেষ্টা?
মতিউর রহমানের অভিযোগ, নিজ কার্যালয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ভুক্তভোগী সরকারি রাজস্ব বিভাগের ওই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের তথ্য দিয়ে আসছিলেন। সেসব তথ্য যাচাই করতে গিয়েই তাঁরা হামলার শিকার হয়েছেন।
তাঁর ভাষ্য অনুযায়ী, হামলার ঘটনায় মাজহারুল ইসলাম সার্বক্ষণিক মোবাইল ফোনে যোগাযোগ রেখে তাঁর ভাই স্বপন মেম্বারসহ অন্যদের নির্দেশনা দিয়েছেন। সংশ্লিষ্ট মোবাইল ফোনের কল রেকর্ড, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং অন্যান্য ডিজিটাল আলামত পরীক্ষা করলেই হামলার পরিকল্পনা ও নির্দেশদাতাদের ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, মোঃ মাহবুবুর রহমান নামে এক ব্যক্তি (রাজধানী ঢাকার রামপুরা থানাধীন বনশ্রীর তিতাস রোড সংলগ্ন ইস্টার্ন হাউজিং কমপ্লেক্সের বাসিন্দা) উদ্দেশ্যপ্রনোদিতভাবে সাংবাদিক নির্যাতনের ধারণকৃত ভিডিও ব্যবহার করে হামলার ঘটনাটিকে ভিন্ন খাতে নিতে নিজের হোয়াটসঅ্যাপ আইডি (মোবাইল নং- ০১৯১১১৩১৮০৯) থেকে বিভিন্ন গনমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও একাধিক ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ একাউন্টে অপপ্রচার করেন।
তিনি দাবি করেন, উক্ত মাহবুবুর রহমানই এই ঘটনার নেপথ্য কুশীলবদের অন্যতম সহযোগী। গনমাধ্যমকর্মীদের উপর এমন নজিরবিহীন সন্ত্রাসী হামলার ঘটনায় স্থানীয় জনগনের প্রতিরোধ, সাংবাদিক সমাজের বিক্ষোভের আশংকায় এবং সরকারের রোষানল থেকে বন্ধু মাজহারুলকে বাঁচাতে উক্ত মাহবুবুর রহমান মূল ঘটনার প্রকৃত চিত্র আড়াল করে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।
এদিকে, গনমাধ্যমকর্মীদের উপর হামলার বিষয়ে মাজহারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ঢাকায় নিজ বাসভবনে অবস্থান করছি। তাদের উপর কখন হামলা হয়েছে, আমি তো কিছুই জানি না।
উল্লেখ্য, রাজস্ব কর্মকর্তা মাজহারুলের বিরুদ্ধে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশিত হয়েছে। মাজহারুল ইসলাম একসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলেন। তাঁর ভাই স্বপন মেম্বার গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের সদস্য। স্থানীয়দের কাছে স্বপন মেম্বার সাবেক সংসদ সদস্য বাবেলের ক্যাশিয়ার হিসেবেও পরিচিত।
মাজহারুল ও তার পরিবার আওয়ামী লীগের শাসনামলে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এই পরিবারের অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। ৫ আগষ্ট পরবর্তী রাজনৈতিক পালাবদলের পর কিছুদিন গা ঢাকা দিয়ে থাকলেও সম্প্রতি আবারও সক্রিয় হয়ে উঠেছেন স্বপন মেম্বার। বর্তমানে সে স্থানীয় বিএনপির কতিপয় সুবিধাভোগী নেতার সাথে যোগসাজশ করে এলাকায় আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে।
প্রতিবাদের ঝড়
বিচারহীনতার কারণে গনমাধ্যমকর্মীদের উপর হামলা বাংলাদেশের সামাজিক সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। বরাবরের ন্যায় সাংবাদিকদের উপর হামলা হলেও এ নিয়ে মাথাব্যাথা নেই উর্ধতন কর্তৃপক্ষের। এই অপসংস্কৃতির লাগাম টানতে এবার মরিয়া সাংবাদিক সমাজ। দুটি শীর্ষস্থানীয় গনমাধ্যমের সম্পাদকের উপর হামলাকে জাতির বিবেকের উপর চপেটাঘাত বলেই বিবেচনা করছেন তারা। এসময় তারা দ্য ফিন্যান্স টুডের সম্পাদক মতিউর রহমান এবং স্বাধীন বাংলার প্রধান সম্পাদক সালাহ উদ্দিন মিঠু্র শারীরিক সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এরইমধ্যে হামলার প্রতিবাদে একাধিক সাংবাদিক সংগঠন, সম্পাদক-প্রকাশক পরিষদ, জাতীয় ও স্থানীয় সাংবাদিক ইউনিয়ন এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া আগামীকাল দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদ মিছিল, কালো ব্যাজ ধারণ এবং সংবাদ সম্মেলনের মতো কর্মসূচি গ্রহণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দুই শীর্ষ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ, ময়মনসিংহ জেলা শাখা। সংগঠনটির সভাপতি ইয়াহিয়া আরিফুল ও সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম রাব্বি এক বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
অপরদিকে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আহত সাংবাদিকদের দেখতে যান। এ সময় তিনি বলেন, অনুসন্ধানী সাংবাদিকদের ওপর এই ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের হামলা, ভয় প্রদর্শন কিংবা প্রাণনাশের হুমকির মুখে পড়তে হবে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে জেলা পুলিশ সুপার এবং দক্ষিণ পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করে বিষয়টি অবহিত করা হয়েছে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে।
খায়রুল আলম রফিক অভিযোগ করেন, হামলার সময় দুইজন স্বনামধন্য অনুসন্ধানী সাংবাদিকের জাতীয় পরিচয়পত্র, গাড়ির প্রয়োজনীয় কাগজপত্রসহ গুরুত্বপূর্ণ নথি নিয়ে যাওয়া হয়েছে। এসব কাগজপত্র দ্রুত উদ্ধার করে তাঁদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ জানিয়েছে, অনুসন্ধানী সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় সংগঠনটি প্রতিবাদ ও আইনগত পদক্ষেপ নিবে। একইসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, জাতীয় মানবাধিকার কমিশন, এনবিআর ও দুর্নীতি দমন কমিশনে স্মারকলিপি দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানানো হবে।
সরকার ও প্রশাসনের দায় এড়ানোর সুযোগ নেই
এই হামলার অভিযোগের নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করা এখন সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। হামলার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তির পরিচয় শনাক্ত, নির্দেশদাতাদের ভূমিকা যাচাই, ছিনিয়ে নেওয়া মালামাল উদ্ধার এবং ভুক্তভোগী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে উত্থাপিত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও নিরপেক্ষভাবে অনুসন্ধান করা জরুরি।
এক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের ভূমিকাও গুরুত্বপূর্ণ। মাজহারুল ইসলামের বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের যে অভিযোগ উঠেছে তার ভিত্তি, সম্পদের উৎস, আয়কর নথি, জমি ও ফ্ল্যাটের মালিকানা এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেন যাচাই করা প্রয়োজন। এই বিষয়ে কালক্ষেপন মোটেও গ্রহনযোগ্য নয় বলে অভিমত বিশ্লেষকদের।
কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেই তিনি অপরাধী হয়ে যান না। কিন্তু সেই অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিককে হামলা, নির্যাতন ও হত্যার হুমকির মুখে পড়তে হবে—এমন পরিস্থিতি রাষ্ট্রের আইনের শাসন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহির জন্য ভয়াবহ বার্তা বহন করে।
দ্য ফিন্যান্স টুডে রাজস্ব খাতের সংস্কার, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার প্রশ্নে যে অবস্থান নিয়ে কাজ করে আসছে, তা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিহিংসা নয়; বরং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব করার বৃহত্তর জনস্বার্থের অংশ। সেই দায়িত্ব পালনের পথে কোনো কর্মকর্তা বা গোষ্ঠী যদি প্রভাব, ভয়ভীতি কিংবা সহিংসতার আশ্রয় নেয়, তবে তা আইনের শাসনের জন্য গুরুতর হুমকি।
সাংবাদিক মতিউর রহমানের ওপর হামলার বিচার শুধু একজন সম্পাদক বা দুটি গণমাধ্যমের স্বার্থের বিষয় নয়। এটি দেশের প্রতিটি সাংবাদিকের নিরাপদে কাজ করার অধিকার, প্রতিটি নাগরিকের তথ্য জানার অধিকার এবং দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রীয় জবাবদিহি প্রতিষ্ঠার প্রশ্ন।
কলমের জবাব হামলা দিয়ে দেওয়া যায় না, সত্য অনুসন্ধানের পথ রুদ্ধ করে দুর্নীতিকে আড়াল করা যায় না। সরকার ও প্রশাসনকে প্রমাণ করতে হবে—বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা অপরাধ নয়, অপরাধ হচ্ছে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং সাংবাদিকের কণ্ঠ স্তব্ধ করতে সহিংসতার আশ্রয় নেওয়া।
Shamiur Rahman
