রামপুরায় ইন্টারনেট অফিসে ঢুকে গুলি, গুলিবিদ্ধ ২

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬ ০৯:০৩ পিএম

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ওয়াপদা রোডের স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির অফিসে এই ঘটনা ঘটে। এতে প্রতিষ্ঠানের দুই নেটওয়ার্ক কর্মচারী গুলিবিদ্ধ হয়েছেন

রাজধানীর রামপুরায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) কার্যালয়ে ঢুকে ‘এলোপাতাড়ি গুলি’ চালানোর অভিযোগ উঠেছে। এতে প্রতিষ্ঠানটির দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ওয়াপদা রোডের স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির অফিসে এই ঘটনা ঘটে। আহতরা হলেন হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)। 

প্রতিষ্ঠানটির ম্যানেজার পলাশ জানান, সন্ধ্যা ৭টার দিকে চার-পাঁচজন ছেলে আমাদের ওয়াপদা রোডের অফিসে ঢুকে। এসময় সেখানে চারজন স্টাফ ছিল। একপর্যায়ে তারা হাবিবুর রহমান ও সাজুকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে সহকর্মীরা আহত দুজনকে উদ্ধার করে রাত ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

তিনি জানান, হাবিবুর রহমানের বাবার নাম দুলাল মিয়া। তার গ্রামের বাড়ি চাঁদপুরের উত্তর মতলব থানার নেতামদী এলাকায়। অন্যদিকে সাজু আহমেদের বাবার নাম মো. ইউসুফ। তার বাড়ি ঝালকাঠির নলছিটি থানার রাজপয়সা এলাকায়। তাঁরা দুজনই ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানটির কার্যালয়ে থাকতেন।

আহত হাবিবের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যা সাতটার দিকে চার থেকে পাঁচজন যুবক ওই প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে গুলি চালান। এ সময় তাঁদের দুজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল। অফিসে ঢুকেই একজন বলেন, ‘টাকা দিলি না কেন?’ আরেকজন বলেন, ‘এখানে চাঁদা না দিয়ে ব্যবসা করা যাবে না’। এসব কথা বলেই গুলিবর্ষণ শুরু করেন হামলাকারীরা। 

উক্ত প্রতিষ্ঠানের নেটওয়ার্ক অপারেশন ইনচার্জ বন্দন কুমার সাহা জানান, '১৫ থেকে ২০ দিন আগে গুজা বাদশা ও জনি নামে দুজন ব্যক্তি মুঠোফোনে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না দিলে ওই এলাকায় ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছিলেন তাঁরা। এখন এই হামলা হলো।'

তিনি আরও বলেন, ‘সন্ত্রাসীরা যাওয়ার সময় গুলি করে রামপুরার অফিসের সিসি ক্যামেরাগুলোও ভেঙে দিয়ে গেছে। আমরা একটা হার্ডডিস্ক উদ্ধার করে পান্থপথে প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। আমাদের কারিগরি টীম ফুটেজ উদ্ধারে কাজ করছে। সবাই এখন ঢাকা মেডিকেলে আছি।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, রামপুরার ওয়াপদা রোড এলাকা থেকে গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে আনা হয়েছে। হাবিবুরের বাম হাতে এবং সাজুর ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। দুজনের শরীরেই একটি করে গুলি লাগে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

এদিকে, ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, রামপুরায় ইন্টারনেট অফিসে গুলির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

তিনি বলেন, হাতিরঝিল থানা পুলিশ ও ডিএমপির তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। কারা কী উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে, তা উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও প্রক্রিয়াধীন রয়েছে।

তেজগাঁও বিভাগের শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ইমরান জানান, হাতিরঝিল থানার ওয়াপদা রোড এলাকায় একটি ইন্টারনেট অফিসে গুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশের বিভিন্ন টিম উপস্থিত হয়ে কাজ শুরু করেছে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে প্রাথমিকভাবে বলা যাচ্ছে না।

Shamiur Rahman

সম্পর্কিত