থানায়, ২৪ যানবাহন এবং এমপি জিলানীর বাসভবনে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ

রাতভর সহিংসতা-অগ্নিসংযোগে উত্তপ্ত টুঙ্গিপাড়া, বন্ধ যান চলাচল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬ ০১:২৫ পিএম

মঙ্গলবার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়ামের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। সহিংসতার ঘটনায় জড়িত সন্দেহে সেখান থেকে কয়েকজনকে আটক এবং মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। এর পরপরই শুরু হয় সঙ্গঘাত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের টানা তাণ্ডবের পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর থানা, স্থানীয় সংসদ সদস্য এস এম জিলানির বাড়িসহ বেশ কয়েকটি বাড়িঘর, পুলিশের গাড়ি ও অন্যান্য স্থাপনায় আগুনের ঘটনা ঘটে। রাতভর সহিংসতার পর বুধবার সকাল থেকে টুঙ্গিপাড়া অশান্ত হয়ে উঠেছে। গোপালগঞ্জজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি।

মঙ্গলবার সন্ধ্যার পর থেকে শুরু হওয়া উত্তেজনার জেরে বুধবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ অব্যাহত থাকায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। বিশেষ করে জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষ, রোগী ও দূরপাল্লার যাত্রীরা পড়েছেন বিপাকে। বুধবার সকাল ১১টা পর্যন্ত পাওয়া স্থানীয় তথ্য অনুযায়ী, টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

এদিকে, বুধবার (১৮ নভেম্বর) ভোর থেকে গোপালগঞ্জ-পাটগাতী সড়কের নীলফা বাজার, খালেকের দোকান, রামচন্দ্রপুর, কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে, নতুন বাজার ও পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি, খুঁটি, পুলিশের চেকপোস্টের বক্স ও বাঁশ ফেলে ব্যারিকেড তৈরি করা হয়। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

টুঙ্গিপাড়ায় বর্তমানে পুলিশের উপস্থিতি তেমন দেখা যায়নি। বিজিবি, এসআরবি কিংবা যৌথ বাহিনীর কোনো টহলও দেখা যায়নি। তবে এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাতভর এই সহিংসতার ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়ামের সামনে চেকপোস্ট বসায় পুলিশ। সহিংসতার ঘটনায় জড়িত সন্দেহে সেখান থেকে কয়েকজনকে আটক এবং মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। এর পরপরই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা মসজিদে মাইকিং করে লোকজন জড়ো করেন। একপর্যায়ে তারা টুঙ্গিপাড়া থানা, স্থানীয় সংসদ সদস্য এস এম জিলানির বাড়িসহ বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ করেন।

এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। একপর্যায়ে হামলাকারীরা থানার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে থানা ভবনের পাশাপাশি পুলিশের একাধিক যানবাহন পুড়ে যায়। হামলার সময় আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে টুঙ্গিপাড়া থানার এক উপপরিদর্শক গণমাধ্যমকে জানান, হামলায় থানার মোট ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে।

এদিকে থানায় হামলার খবর পেয়ে গোপালগঞ্জ থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। পথে খালেক বাজার সড়কে তাদের গাড়িবহর আটকে দেয় দুর্বৃত্তরা। এ সময় বিজিবির চারটি গাড়িতে আগুন দেওয়া হয় বলে জানা গেছে। এছাড়া সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চলাচল বাধাগ্রস্ত হয়।

একই রাতে টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও হামলা চালানো হয়। এ সময় বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। 

Shamiur Rahman

সম্পর্কিত