রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, নারীসহ আহত ৪

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬ ০৫:৫৭ এএম

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খিলগাঁও রেলগেটে একটি, রাতে ধোলাইপাড় বাস কাউন্টারের সামনে জোড়া ককটেল এবং রাত ১০টার দিকে শেরেবাংলা নগর থানার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে

রাজধানীর শাহজাহানপুর, শ্যামপুর ও শেরেবাংলা নগরে পৃথক ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর দেয়া তথ্যমতে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খিলগাঁও রেলগেটে একটি, রাত ৮টা ৪০ মিনিটের দিকে ধোলাইপাড় বাস কাউন্টারের সামনে ২টি এবং রাত ১০টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর মধ্যে শ্যামপুরে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এই ঘটনায় নাসিমা বেগম (৪০) নামে এক নারীসহ চারজন আহত হয়েছেন।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহজাহানপুর থানার খিলগাঁও রেলগেট কাঁচাবাজার-সংলগ্ন খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, খিলগাঁও ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে। সেটি সড়কে বিস্ফোরিত হলে পাশের চায়ের দোকানি নাসিমা বেগম গুরুতর আহত হন। পরে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে শ্যামপুর থানার ধোলাইপাড় বাস কাউন্টারের সামনে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, ধোলাইপাড় বাস কাউন্টারের সামনে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে থানায় নেওয়া হয়েছে। আটক ব্যক্তির পরিচয় ও বিস্ফোরণের ঘটনায় তার সংশ্লিষ্টতার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

অন্যদিকে, রাত ১০টার দিকে শেরেবাংলা নগর থানার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছেন।তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তাদের শনাক্তে কাজ চলছে। খুব শিগগিরই তাদের গ্রেফতার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Shamiur Rahman

সম্পর্কিত