মেয়াদোত্তীর্ণ কাঁচামালে প্রসাধনী উৎপাদন

বায়োজিনের কারখানায় ভোক্তার অভিযান, ২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬ ১২:২২ এএম

মেলান্দহে গ্রীন বায়োটেকনোলজিতে ভোক্তা অধিকারের অভিযান; ছয় মাস থেকে এক বছর আগেই মেয়াদ শেষ হয়েছে এমন রাসায়নিক ও কাঁচামাল জব্দ, ধ্বংসের উদ্যোগ

জামালপুরের মেলান্দহে মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক ব্যবহার করে প্রসাধনী তৈরির অভিযোগে গ্রীন বায়োটেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এই প্রতিষ্ঠানটি বায়োজিন ব্র্যান্ডের বিভিন্ন প্রসাধনী পণ্য উৎপাদন করে। কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ও রাসায়নিক জব্দ করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম। এ সময় আনসার ব্যাটালিয়নের তিন সদস্যের একটি দল উপস্থিত ছিল।

অভিযান সূত্রে জানা যায়, কারখানার উৎপাদন কার্যক্রম পরিদর্শনকালে বিভিন্ন প্রসাধনী তৈরিতে ব্যবহৃত কাঁচামাল ও রাসায়নিকের মেয়াদ উত্তীর্ণ হওয়ার বিষয়টি ধরা পড়ে। এসব উপকরণের মেয়াদ ছয় মাস থেকে এক বছর আগেই শেষ হয়েছে। এরপরও সেগুলো উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ উপকরণ জব্দ করা হয়। জব্দ করা কাঁচামাল ও রাসায়নিক ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহার না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বলেন, যেসব রাসায়নিক ব্যবহার করে প্রসাধনী তৈরি করা হচ্ছে, সেগুলোরই মেয়াদ নেই। বিষয়টি অবিশ্বাস্য এবং ভোক্তাদের অধিকারের সুস্পষ্ট পরিপন্থী। বিভিন্ন ধরনের কাঁচামাল জব্দ করা হয়েছে। সেগুলো ধ্বংস করা হবে। এই ঘটনায় আইন অনুযায়ী দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের অনিয়ম না করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইপিবির তালিকাভুক্ত প্রতিষ্ঠান

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) অনলাইন রপ্তানিকারক তালিকায় গ্রীন বায়োটেকনোলজির নাম রয়েছে। এতে প্রতিষ্ঠানটির কারখানা মেলান্দহের মুন্সি নাংলা উল্লেখ করা হয়েছে।

ইপিবির তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রসাধনী ও টয়লেট্রিজ পণ্য খাতের সঙ্গে যুক্ত। তালিকায় স্কিনকেয়ার সামগ্রী, চুলের প্রসাধনী, শ্যাম্পু ও ত্বক পরিষ্কারের উপকরণসহ বিভিন্ন পণ্যের শ্রেণিও উল্লেখ রয়েছে।

ভোক্তার স্বাস্থ্যঝুঁকি নিয়ে প্রশ্ন

প্রসাধনী সরাসরি মানুষের ত্বক ও চুলে ব্যবহার করা হয়। এসব পণ্য তৈরিতে ব্যবহৃত কাঁচামাল ও রাসায়নিকের গুণগত মান, সংরক্ষণব্যবস্থা এবং নির্ধারিত মেয়াদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেয়াদোত্তীর্ণ হওয়ার পর কোনো রাসায়নিকের কার্যকারিতা ও স্থিতিশীলতায় পরিবর্তন ঘটেছে কি না, তা নির্দিষ্ট উপাদান ও পরীক্ষার ভিত্তিতে নির্ধারণ করতে হয়। ফলে মেয়াদোত্তীর্ণ কাঁচামাল দিয়ে উৎপাদিত প্রসাধনী বাজারজাত করা হয়ে থাকলে তা ভোক্তার নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করতে পারে।

তবে অভিযানে জব্দ করা কাঁচামাল দিয়ে তৈরি কোনো প্রসাধনী ইতোমধ্যে বাজারজাত হয়েছে কি না, হয়ে থাকলে কী পরিমাণ পণ্য বাজারে গেছে এবং সেসব পণ্যের নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে কি না—এসব বিষয়ে অধিদপ্তরের বিস্তারিত তথ্য জানা যায়নি।

আইন কী বলছে?

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় জ্ঞাতসারে ভেজাল মিশ্রিত পণ্য বা ওষুধ বিক্রি কিংবা বিক্রির প্রস্তাবের জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা দুই লাখ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। এ ঘটনায় অধিদপ্তর ওই ধারায় জরিমানা করেছে।

সংশ্লিষ্ট মহলের মতে, শুধু জরিমানা করেই এই ধরনের অনিয়মের প্রতিকার নিশ্চিত করা সম্ভব নয়। কারখানায় জব্দ করা কাঁচামালের পূর্ণাঙ্গ তালিকা, রাসায়নিকের ধরন, আমদানির উৎস, সংরক্ষণব্যবস্থা এবং সেগুলো দিয়ে উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের তথ্য যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে উৎপাদিত প্রসাধনীর নমুনা পরীক্ষার মাধ্যমে সেগুলোর গুণগত মান ও ভোক্তার জন্য সম্ভাব্য ঝুঁকি নিরূপণ করা জরুরি।

বিশেষ করে, মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহার করে আগে কোনো পণ্য বাজারজাত করা হয়ে থাকলে সেসব পণ্য শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম, প্রযোজ্য লাইসেন্স ও মান নিয়ন্ত্রণব্যবস্থাও খতিয়ে দেখা প্রয়োজন।

এখন বড় প্রশ্ন, মেয়াদোত্তীর্ণ কাঁচামাল দিয়ে উৎপাদিত কোনো প্রসাধনী ইতোমধ্যে বাজারে পৌঁছেছে কি না এবং পৌঁছে থাকলে সেগুলো ভোক্তাদের কাছ থেকে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে কি না।

Shamiur Rahman

সম্পর্কিত