গণপূর্তের কাজে অনিয়ম-দুর্নীতি রোধে ৩০ সদস্যের বিশেষ মনিটরিং প্যানেল
কুমিল্লা ও বগুড়ায় নতুন জোন গঠনের উদ্যোগ, আকস্মিক পরিদর্শনে যাচাই হবে প্রকল্পের কাজের মান ও ব্যয়ের স্বচ্ছতা
গণপূর্ত অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পে কাজের গুণগত মান নিশ্চিত করা, ব্যয়ের স্বচ্ছতা প্রতিষ্ঠা এবং অনিয়ম-দুর্নীতি রোধে ৩০ সদস্যের একটি বিশেষ মনিটরিং ও অডিট প্যানেল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্যানেলের সদস্যদের নিয়ে চার থেকে পাঁচজনের পৃথক দল গঠন করে দেশের বিভিন্ন জেলা ও উন্নয়ন প্রকল্পে আকস্মিক পরিদর্শন চালানো হবে। পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে কুমিল্লা ও বগুড়ায় নতুন দুটি জোন গঠনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও তদূর্ধ্ব কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব পরিকল্পনা ও দিকনির্দেশনা তুলে ধরা হয়। সভায় অধিদপ্তরের সার্বিক কার্যক্রম, দায়িত্বের পরিধি, চলমান উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মো. আসিফুর রহমান ভূঁইয়া।
সভায় জানানো হয়, নির্মাণকাজের মান, প্রকল্পের অগ্রগতি এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে ৩০ সদস্যের বিশেষ মনিটরিং ও অডিট প্যানেল গঠনের পরিকল্পনা রয়েছে। প্যানেলের সদস্যদের নিয়ে পর্যায়ক্রমে চার থেকে পাঁচজনের একাধিক দল করা হবে। এসব দল দেশের বিভিন্ন জেলার প্রকল্প ও নির্মাণকাজ আকস্মিকভাবে পরিদর্শন করবে। কোনো স্থায়ী পরিদর্শক দল না রেখে সদস্যদের পর্যায়ক্রমে পরিবর্তন করার পরিকল্পনা রয়েছে, যাতে প্রকল্পের প্রকৃত অবস্থা নিরপেক্ষভাবে যাচাই করা যায়।
অন্যদিকে, গণপূর্ত অধিদপ্তরের প্রশাসনিক কার্যক্রমের পরিধি ও কর্মব্যস্ততা বিবেচনায় কুমিল্লা এবং বগুড়ায় নতুন দুটি জোন গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে কুমিল্লা জোনের অধীনে অধিকসংখ্যক জেলা ও উপজেলা থাকায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওপর প্রশাসনিক চাপ কমানো এবং সেবামূলক ও উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অর্থনীতি পুনর্গঠনে কাজ করছেন। আগামী ১০ বছর তাঁর নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ যথাযথভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশের সামগ্রিক চিত্র বদলে দেওয়া সম্ভব। এই লক্ষ্য বাস্তবায়নে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, সরকারি অর্থ জনগণের সম্পদ। তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অপচয়, অনিয়ম, দুর্নীতি কিংবা ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই সহ্য করা হবে না। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে রাষ্ট্রীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে প্রকল্পের ব্যয় যৌক্তিক রাখা, নির্ধারিত সময়ে কাজ শেষ করা এবং নির্মাণের গুণগত মান নিশ্চিত করতে হবে।
তিনি আরও স্পষ্ট করে বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার কিংবা কাজের মানের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সরকারি প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা ও যথাযথ তদারকি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, গণপূর্ত অধিদপ্তরের মতো বড় বাস্তবায়নকারী সংস্থায় প্রকল্পের ব্যয় ও নির্মাণকাজের মান নিয়ে নিয়মিত তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ মনিটরিং ও অডিট প্যানেলের কার্যকর বাস্তবায়ন এবং আকস্মিক পরিদর্শনের মাধ্যমে প্রকল্পে অনিয়ম শনাক্ত ও প্রতিরোধ করা সম্ভব হতে পারে।
তবে এসব উদ্যোগের প্রকৃত সুফল পেতে পরিদর্শনে পাওয়া অনিয়মের বিষয়ে নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সুপারিশ বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি।
Shamiur Rahman
