সামরিক ঘাঁটিতে নজরদারির অভিযোগ

আইএসআই সন্দেহে ভারতে বাংলাদেশি আটক

কূটনৈতিক প্রতিবেদক প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬ ১২:০৭ পিএম

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজ দেশে ফেরার সময় কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা অভিবাসন চেকপোস্ট থেকে কুড়িগ্রামের বাসিন্দা মোহাম্মদ সেলিম হোসেন (৩০)-কে আটক করা হয়। বর্তমানে তাকে মেখলিগঞ্জ থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে দার্জিলিংয়ের পর্যটনকেন্দ্র এবং উত্তরবঙ্গের সামরিক স্থাপনা সম্পর্কে তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে।

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের হয়ে কাজ করার সন্দেহে ভারতের পশ্চিমবঙ্গে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী এলাকার বাসিন্দা মোহাম্মদ সেলিম হোসেন (৩০) বলে নিশ্চিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজ দেশে ফেরার সময় কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা অভিবাসন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে মেখলিগঞ্জ থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে দার্জিলিংয়ের পর্যটনকেন্দ্র এবং উত্তরবঙ্গের সামরিক স্থাপনা সম্পর্কে তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট ও দ্য উইকের প্রতিবেদন অনুযায়ী, পর্যটক ভিসায় কয়েক দিন আগে ভারতে প্রবেশ করেছিলেন সেলিম। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছ থেকে তথ্য পাওয়ার পর তার ওপর নজরদারি শুরু হয়।

গোয়েন্দাদের সন্দেহ, ভারতে অবস্থানকালে সেলিম দার্জিলিংয়ের বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে দেখার পাশাপাশি উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার তথ্য সংগ্রহ করেছেন। এসব স্থাপনার মধ্যে বাগডোগরা ও হাসিমারা বিমানঘাঁটিও রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সেলিমের মোবাইল ফোনে ভারতের একটি বিমানবন্দরের ছবি, পাকিস্তানের কূটনৈতিক মিশন-সংক্রান্ত কিছু নথি এবং সন্দেহজনক কয়েকটি ছবি পাওয়া গেছে। নিহত কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী নেতা বুরহান ওয়ানির একটি ছবিও তার কাছে পাওয়া গেছে বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র। তবে কোনো হামলার পরিকল্পনা ছিল কি না, তা এখনো নিশ্চিত করতে পারেননি তদন্তকারীরা।

এদিকে, এই ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে সেলিম হোসেনের কাছ থেকে পাকিস্তান হাইকমিশনের ঢাকাস্থ এক কর্মকর্তার ভিজিটিং কার্ড উদ্ধারের তথ্য। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, তাঁর কাছ থেকে আনিল আসগর কালহোরো নামের এক ব্যক্তির ভিজিটিং কার্ড পাওয়া গেছে। ওই ব্যক্তি ঢাকায় পাকিস্তান হাইকমিশনে সাংস্কৃতিক বিভাগের দায়িত্বে রয়েছেন।

গোয়েন্দা সূত্রের বরাতে দাবি করা হয়েছে, ওই কর্মকর্তার সঙ্গে সেলিম হোসেনের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং তাঁকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে। এর কারন হচ্ছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ঢাকাস্থ হাইকমিশনের কর্মকর্তাদের তালিকায় আনিল আসগর নামে একজন সাংস্কৃতিক দায়িত্বপ্রাপ্ত দ্বিতীয় সচিব হিসেবে কর্মরত রয়েছেন।

মেখলিগঞ্জ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গ্রেপ্তারকৃত সেলিমকে

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্রেপ্তারের পর সেলিম হোসেনকে মেখলিগঞ্জ থানায় নেওয়া হয়। সেখানে স্থানীয় পুলিশের পাশাপাশি ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এবং গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন। তদন্তকারীরা তাঁর ভারতে প্রবেশের উদ্দেশ্য, ভ্রমণের স্থান, সামরিক স্থাপনার আশপাশে যাতায়াতের কারণ, উদ্ধার হওয়া ভিজিটিং কার্ডের সূত্র এবং বাংলাদেশ ও পাকিস্তানের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের বিষয়গুলো খতিয়ে দেখছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ভারতের উত্তরবঙ্গের বাগডোগরা ও হাসিমারা সামরিক বিমানঘাঁটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা। ফলে এসব এলাকায় সন্দেহজনকভাবে তথ্য সংগ্রহের অভিযোগকে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। এই ঘটনাটি নিয়ে বাংলাদেশি নাগরিকের ভারতে যাতায়াত, পর্যটক ভিসার ব্যবহার এবং দুই দেশের নিরাপত্তা সংস্থার মধ্যে সম্ভাব্য তথ্য আদান-প্রদানের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

এর আগেও উত্তরবঙ্গের সামরিক স্থাপনার আশপাশে সন্দেহজনক তৎপরতার অভিযোগে কয়েকজন আটক করা হয়েছিলো। এর মধ্যে, ২০২৫ সালের মে মাসে বেংডুবি সামরিক ঘাঁটির কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে এক বাংলাদেশিকে আটক করেছিলো ভারতীয় সেনাবাহিনী। একই বছরের নভেম্বরে ওই ঘাঁটিতে বেসামরিক শ্রমিক হিসেবে কাজ করা আরেক বাংলাদেশির কাছ থেকে বাংলাদেশের পরিচয়পত্রের পাশাপাশি ভারতের আধার, প্যান ও ভোটার পরিচয়পত্র পাওয়া যায়।

এছাড়া চলতি বছরের আগস্টে কোচবিহারের দিনহাটায় আইএসআইয়ের সঙ্গে সন্দেহভাজন যোগাযোগের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স। তাদের বিরুদ্ধে স্থানীয়দের পরিচয়পত্র ব্যবহার করে ভারতীয় সিম সংগ্রহ এবং সেগুলো বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাঠানোর অভিযোগ রয়েছে।

এসব ঘটনার পর ভারতের গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশের ভেতরে পাকিস্তানের গোয়েন্দা তৎপরতা এবং সীমান্তপারের সম্ভাব্য নেটওয়ার্ক নিয়ে নজরদারি বাড়িয়েছে বলে দ্য ফেডারেলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Shamiur Rahman

সম্পর্কিত