সশস্ত্র বাহিনী দিবস
মুক্তিযোদ্ধাদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী
আজ (২১ নভেম্বর) শনিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক যারা যেই উপাধিতে ভূষিত হয়েছিলেন, তার চেয়েও গুরুত্ত্বপূর্ণ হচ্ছে, একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব একজীবনে সবার পক্ষে অর্জন করা সম্ভব হয়ে ওঠেনা। বীর মুক্তিযোদ্ধারা সে কারণেই অনন্য-অসাধারণ।
তিনি বলেন, আজ যারা এই অনুষ্ঠানের উপস্থিত হয়েছেন, আপনাদের কেউ কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেছেন কিংবা আপনাদের পরিবারের পরিবারের কেউ কেউ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন আপনারা সবাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই গৌরবের অংশীদার। আপনাদেরকে জানাই বীরোচিত অভিনন্দন।
আজ (২১ নভেম্বর) শনিবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, লাখো মানুষের প্রাণের বিনিময়ে অসংখ্য মা বোনের সন্তান সম্ভ্রমের বিনিময়ে, অনেক আহত মানুষের আর্তনাদ কিংবা পঙ্গুত্বের বিনিময়ে আজ আমাদের এই স্বাধীন বাংলাদেশ। আমি সশস্ত্র দিবসের এই ঐতিহাসিক দিনে মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। আহত সকল মুক্তিযোদ্ধা এবং সদস্যদের পরিবারের প্রতি জানাই গভীর সহানুভূতি এবং সমবেদনা। আল্লাহর দরবারে সকল শহীদের মাগফিরাত কামনা করি।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের রায়ে বিএনপি যতবারই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। তাই মুক্তিযুদ্ধের গৌরব ও মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। এটি যে সময়োপযোগী সিদ্ধান্ত ছিল, তা পরবর্তী সময়ে প্রমাণিত হয়েছে। এছাড়া ২০০২ সালে জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল আইন প্রতিষ্ঠা করা হয়।
তিনি আরও বলেন, সময়ের নিয়মে বীর মুক্তিযোদ্ধাদের অনেকে আজ বয়সের ভারে ক্লান্ত। জীবনের সায়াহ্নে এসেও তাদের চোখে স্বাধীনতার সেই দীপ্তি জ্বলজ্বল করছে। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে আসছে, তার জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ।
তারেক রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।
Shamiur Rahman
