ছাদ থেকে ফেসবুক লাইভে কর্মকর্তাদের বাঁচার আকুতি
কর্মী ছাটাইয়ের জেরে বৈশাখী টেলিভিশনে দুর্বৃত্তদের হামলা-ভাংচুর
শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বৈশাখী টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভটি প্রচার করা হয়
রাজধানীর বনানীতে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় ভবনের ভেতরে আটকা পড়েন চ্যানেলটির সাংবাদিক ও কর্মীরা। পরে, নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে উদ্ধারের আকুতি জানিয়ে কার্যালয়ের ছাদ থেকে ফেসবুকে সরাসরি সম্প্রচার করেন এক সাংবাদিক।
শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বৈশাখী টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভটি প্রচার করা হয়। এতে ওই সাংবাদিক জানান, একদল লোক প্রতিষ্ঠানের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে।
তিনি জানান, এই ঘটনায় কয়েকজন কর্মী আহত হয়েছেন। হামলাকারীদের অবস্থানের কারণে তারা ভবন থেকে বের হতে পারছেন না। এসময় কার্যালয় থেকে দুটি মুঠোফোন ও একটি ক্যামেরা নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।
লাইভে তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে তারা ছাদে উঠে সম্প্রচারের চেষ্টা করছেন। ভবনের ভেতরে সবাই অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। তাদের এক সহকর্মী হামলায় আহত হয়েছেন। হামলাকারীরা মূল ফটকে তালা লাগিয়ে দেওয়ায় এবং লিফট বন্ধ থাকায় নিচে নামার সুযোগ নেই।
সেখানে ‘নিরাপত্তার স্বার্থে’ লাইভে আসা ব্যক্তি নিজের পরিচয় প্রকাশ করেননি। প্রায় সোয়া ৪ মিনিটের লাইভে বলতে শোনা যায়, “এই যে আপনারা লাইভে সরাসরি দেখতে পাচ্ছেন, ওই যে সাদা শার্ট পরা মোবাইল... মোবাইল টিপছে, এই মানুষটা কিছুক্ষণ আগে বৈশাখী টেলিভিশনে ব্যাপক ভাঙচুর করেছে।”
লাইভে বলতে শোনা যায়, “আমাদের যে উপব্যবস্থাপনা পরিচালক, টিপু আলম মিলন, আমরা তখন শুনলাম যে, স্যারকে কিছু দুর্বৃত্ত তুলে নিয়ে গিয়েছে। তো আমরা তৎক্ষণাৎ বৈশাখীতে যারা আমরা কর্মী আছি, আমরা গিয়ে স্যারকে উদ্ধার করে উপরে নিয়ে আসি। কিন্তু নিচে এখনও তারা আছে এবং গেটের বাইরে তারা গেট ভাঙার চেষ্টা করছে।”
লাইভে বৈশাখী টেলিভিশনের আরেক কর্মী জানান, প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক এমিলনকে একদল লোক তুলে নিয়ে গেছে; এমন খবর পেয়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে কার্যালয়ে নিয়ে আসেন। এরপরও হামলাকারীরা ভবনের নিচে অবস্থান করছিলেন এবং মূল ফটক ভাঙার চেষ্টা করছিলেন বলে দাবি করেন তিনি।
ওই কর্মী আরও জানান, নিচে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। তারা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন।
এদিকে, জরুরি সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার কথাও জানান সাংবাদিকেরা। পরে বনানী থানা-পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সদস্যদের নিচে অবস্থানরত লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়।
নিরাপত্তার কারণে লাইভে কয়েকজন কর্মীর পরিচয় ও চেহারা প্রকাশ করা হয়নি। আহত সহকর্মীকে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান তারা।
লাইভের শেষ দিকে এক সাংবাদিক আবেগাপ্লুত কণ্ঠে বলেন, ‘আমাদের অবস্থা খুবই শোচনীয়। প্লিজ, হেল্প মি। বাঁচান আমাদেরকে, বৈশাখী টেলিভিশনকে বাঁচান।’
বৈশাখী টেলিভিশন স্টেশনের অবস্থান মহাখালীর ওয়্যারলেস এলাকায়। ভবনের ছাদ থেকে লাইভ করার তথ্য দিয়ে এতে বলতে শোনা যায়, “দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে ব্যাপক মবের শিকার হয়েছি আমরা। আমাদের অবস্থা খুবই শোচনীয়।"
“এমনকি আমাদের কিছু কর্মী অলরেডি আহত হয়েছে। আমরা পুরো অবরুদ্ধ হয়ে আছি দর্শক। আমরা কোনোভাবে নিচে নামতে পারছি না। প্লিজ, হেল্প মি। বাঁচান আমাদেরকে, বৈশাখী টেলিভিশনকে বাঁচান।"
Shamiur Rahman
