শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম আটক

Shamiur Rahman প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬ ০২:৩৩ পিএম

২২ নভেম্বর রাতে তোলা ছবি

থাইল্যান্ড থেকে দেশে ফেরার চার দিনের মাথায় আবার থাইল্যান্ড যাওয়ার সময় সোমবার (২৩ নভেম্বর) সুইডেন আসলামের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম

থাইল্যান্ড থেকে দেশে ফেরার চার দিনের মাথায় আবার থাইল্যান্ড যাওয়ার প্রাক্কালে শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম হোসেন ওরফে সুইডেন আসলামকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।

রবিবার (২২ নভেম্বর) রাত আড়াইটার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন সুইডেন আসলাম। পরে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে তাকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম সুইডেন আসলামের গ্রেফতারের বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সোমবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন জানান, রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম হোসেন ওরফে সুইডেন আসলামকে।

ডিএমপির এই কর্মকর্তা বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে আজই তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে। তদন্তে টিটন হত্যাকাণ্ডে তার প্রকৃত সম্পৃক্ততার বিষয়টি বেরিয়ে আসবে বলে আশা করছেন তারা।

সুইডেন আসলামকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে আকতার হোসেন বলেন, ইমিগ্রেশন পুলিশ তাকে ডিবির কাছে হস্তান্তর করেছে। তিনি কোথা থেকে এসেছেন বা কোথায় যাওয়ার চেষ্টা করছিলেন, সেই বিষয়ে ইমিগ্রেশন পুলিশ বিস্তারিত বলতে পারবে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন।

সুইডেন আসলামের বিরুদ্ধে থাকা অন্য মামলাগুলোর বিষয়ে ডিএমপির এই কর্মকর্তা বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক মামলা হয়েছে। এর মধ্যে কিছু মামলা তদন্তাধীন, আবার কিছু মামলায় পুলিশ প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সব বিষয় পর্যালোচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সুইডেন আসলামকে এক মাস ধরে নজরদারিতে রাখা হয়েছিল কি না এবং অন্য শীর্ষ সন্ত্রাসীদেরও নজরদারিতে রাখা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে আকতার হোসেন বলেন, চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে ডিএমপি নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে। সুযোগ ও সক্ষমতা তৈরি হলে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ এপ্রিল রাজধানীর নিউমার্কেট এলাকায় খুন হন শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। ২০০১ সালে সরকারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল টিটনের নাম। পুলিশের ধারণা, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে অন্তঃকোন্দলের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

কে এই সুইডেন আসলাম?

নব্বইয়ের দশকে রাজধানী ঢাকার অপরাধজগতের অন্যতম আলোচিত নাম ছিলেন শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম। কারওয়ান বাজার, ফার্মগেট, রাজাবাজার, তেজগাঁও ও শেরেবাংলা নগর এলাকায় আধিপত্য বিস্তার, হত্যাকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগে দীর্ঘদিন আলোচনায় ছিলেন তিনি। ছদ্মবেশে চলাফেরা, বুলেটপ্রুফ জ্যাকেট ব্যবহার এবং কারাগারে থেকেও অপরাধজগত নিয়ন্ত্রণের অভিযোগ তাকে ঘিরে তৈরি করেছিল নানা রহস্য।

সুইডেন আসলামের পরিবারের আদি বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায়। তার বাবা শেখ জিন্নাত আলী পরিবার নিয়ে রাজধানীর ইন্দিরা রোডে বসবাস করতেন। তিন ছেলে ও চার মেয়ের মধ্যে আসলাম ছিলেন দ্বিতীয়। তিনি তেজগাঁও পলিটেকনিক স্কুল, বর্তমানে তেজগাঁও সরকারি বিদ্যালয়, থেকে এসএসসি পাস করেন।মানচিত্র দেখুন

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ১৯৮৬-৮৭ সালের দিকে রাজধানীর অপরাধজগতে তার উত্থান শুরু হয়। প্রথমদিকে রাজাবাজার, ইন্দিরা রোড ও ফার্মগেট এলাকায় প্রভাব বিস্তার করেন তিনি। সে সময় এসব এলাকায় চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করত একাধিক সন্ত্রাসী গ্রুপ।

১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিলকে হত্যার অভিযোগে আলোচনায় আসেন আসলাম। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ওই হত্যাকাণ্ডের মধ্য দিয়েই অপরাধজগতে তার নাম ছড়িয়ে পড়ে।

যুবলীগ নেতা মাহমুদুল হক খান গালিব হত্যাকাণ্ডের পর ১৯৯৭ সালের ২৬ মে গ্রেপ্তার হন সুইডেন আসলাম। ওই বছরের ২৩ মার্চ তেজকুনিপাড়ায় নিজের বাসার সামনে খুন হন গালিব। এই ঘটনায় তার স্ত্রী শাহেদা নাসরিন শম্পা তেজগাঁও থানায় মামলা করেন।

দীর্ঘদিন নজরদারি ও অভিযান চালানোর পর তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সে সময় তার কাছ থেকে একটি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধারের তথ্য বিভিন্ন সংবাদ প্রতিবেদনে প্রকাশিত হয়। গ্রেপ্তারের সময় তার বয়স ছিল প্রায় ৩৫ বছর।

বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ২২টি মামলা হওয়ার তথ্য পাওয়া যায়। এর মধ্যে নয়টি ছিল হত্যা মামলা। এ ছাড়া অপহরণ, চাঁদাবাজি ও অস্ত্রসংক্রান্ত অভিযোগেও মামলা ছিল। অস্ত্র আইনের মামলায় ১৭ বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছিল তার।

আসলামের নামের আগে সুইডেন শব্দটি যুক্ত হওয়ার পেছনে রয়েছে তার ব্যক্তিগত জীবনের একটি ঘটনা। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, তার প্রথম স্ত্রী ইতি ছিলেন সুইডেনপ্রবাসী। বিয়ের পর স্ত্রীর সঙ্গে সুইডেনে গিয়ে কয়েক বছর বসবাস করেন আসলাম। দেশে ফেরার পর তার নামের সঙ্গে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হয়ে যায়। পরবর্তী সময়ে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে।

Shamiur Rahman

সম্পর্কিত