খুন-গুম করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না

দুর্নীতি-লুটপাটের কারণেই জনরোষে ক্ষমতা হারিয়েছে তারা: প্রতিমন্ত্রী টুকু

শাহীন আব্দুল বারী প্রকাশিত: ০৩ জুলাই ২০২৬ ০৬:৩৭ পিএম

শুক্রবার (৩ জুলাই) দুপুরে নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর ট্রলার ঘাটে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির আগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

খুন, গুম, নির্যাতন ও জুলুমের মাধ্যমে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেন, আগে যারা ক্ষমতায় ছিল তারা জনগণের ওপর নির্যাতন চালিয়ে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিল। কিন্তু দুর্নীতি ও লুটপাটের কারণে জনরোষের মুখে তাদের দেশ ছেড়ে পালাতে হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর ট্রলার ঘাটে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির আগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগে যারা ক্ষমতায় ছিল তারা খুন করেছে, জেলে নির্যাতন করেছে এবং ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছে। কিন্তু তারা টিকে থাকতে পারেনি। ‘আল্লাহর মাইর, দুনিয়ার বাইর।’ আল্লাহ যদি কাউকে বাঁচান, তাহলে কেউ তাকে মারতে পারে না। আবার আল্লাহ যদি কাউকে ধরেন, তাহলে তাকে কেউ বাঁচাতে পারে না। দুর্নীতি ও লুটপাটের কারণে জনগণের রোষানলে পড়ে তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে।

তিনি আরও বলেন, আগের সরকারের আমলে দেশে মাদকের সয়লাব হয়েছিল। বাংলাদেশে কোনো মাদকের কারখানা নেই। পরিকল্পিতভাবে পাশের রাষ্ট্র থেকে মাদক ঢুকিয়ে দেশের যুবসমাজকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। তবে সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

স্থানীয় জনসাধারণের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, একটি মা মাছ এক থেকে দেড় লাখ পর্যন্ত পোনা উৎপাদন করে। তাই মা মাছ রক্ষা করা আপনাদের দায়িত্ব। আগামী পাঁচ মাস মাছ ধরা থেকে বিরত থাকলে মাছের উৎপাদন কয়েক গুণ বেড়ে যাবে। এখন যে মাছ ১০ টাকায় ধরছেন, পাঁচ মাস পরে সেটির পরিমাণ ও মূল্য অনেক বেশি হবে। একসময় বাংলাদেশকে ‘মাছে-ভাতে বাঙালি’ বলা হতো। আমরা আবার সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই।

তিনি বলেন, এই মাছ আপনাদেরই মাছ। আপনারাই বিক্রি করবেন, তবে পাঁচ মাস পরে। মা মাছ কখনো মারবেন না। এতে আপনাদেরও লাভ হবে, দেশেরও উপকার হবে।

প্রতিমন্ত্রী টুকু আরও বলেন, এই হাওরাঞ্চলে মৎস্য খাতের উন্নয়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। এখানে সচিব ও মহাপরিচালক উপস্থিত আছেন। মৎস্য খাতের উন্নয়নে যা যা প্রয়োজন, ইনশাআল্লাহ আমরা তা করব।

পথসভায় উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক।

পরে লুৎফুজ্জামান বাবর, দুই প্রতিমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা হাওরের বিভিন্ন স্থানে পোনা মাছ অবমুক্ত করেন।

Shamiur Rahman

সম্পর্কিত