প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে যুবদল নেতা রাজের বিশাল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬ ০২:৩৮ এএম

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস. এম. মিজানুর রহমান রাজ

ঐতিহাসিক ৪ আগস্ট উপলক্ষে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে দীর্ঘ ১৭ বছরের সংগ্রাম এবং জুলাইয়ের রক্তঝরা গণজাগরণের স্মরণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস. এম. মিজানুর রহমান রাজ।

এই কর্মসূচিতে যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ অংশ নেন। এসময় জাতীয় পতাকা, দলীয় পতাকা ও ব্যানার-ফেস্টুনে সজ্জিত মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়কে প্রদক্ষিণকালে পথচারীদেরও দৃষ্টি আকর্ষণ করে।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে তারা জুলাইয়ের আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এস. এম. মিজানুর রহমান রাজ বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অসংখ্য মানুষ জীবন উৎসর্গ করেছেন। তাদের আত্মত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, জুলাইয়ের গণআন্দোলনের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রাজ আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক স্থিতিশীলতা, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করা সময়ের দাবি। দেশের উন্নয়ন, শান্তি ও গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

কর্মসূচির শেষ পর্যায়ে দেশ, জনগণ এবং গণতন্ত্রের ধারাবাহিক অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়। পরে শান্তিপূর্ণভাবে শোভাযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়।

Shamiur Rahman

সম্পর্কিত