রাজবাড়ীতে জেলা বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তের আগুন

নেহাল আহমেদ প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬ ০৫:৫৯ পিএম

রাজবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) দলীয় কার্যালয়ে শুক্রবার দিবাগত রাতে কোন একটি সময়ে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, রাতের অন্ধকারে কেউ আগুন দেওয়ার চেষ্টা করেছিল। এই ঘটনায় আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতে কোন একটি সময়ে এই আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, শহরের আজাদী ময়দান সংলগ্ন জেলা বিএনপির কার্যালয়। কার্যালয়ের উত্তর পাশে মিলনায়তনের কলাপসিবল গেটে কালি জমে আছে। দলীয় নেতাকর্মীরা কার্যালয়ে পরিদর্শন করেছেন। কার্যালয় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, রাত ১টার দিকে দলীয় কার্যালয়ের কেয়ারটেকার সব রুম ও গেটের তালা চেক করে বাড়িতে যান। সকালে এসে আগুনের ঘটনা দেখতে পান।

কেয়ারটেকার আতর আলী বলেন, রাত ১টার দিকে তালা চেক করে বাড়িতে যাই, তখন এখানে কেউ ছিল না। সকাল সাড়ে ৮টার পর খবর পাই রাতে কে বা কারা দলীয় কার্যালয়ের গেটে আগুন দিয়েছে। তখন তাড়াতাড়ি এসে বিষয়টি নেতাদের জানাই।

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরুল আলম দুলাল বলনে, 'গত রাতে আমাদের পার্টি অফিস আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। আমরা মনে করি পরাজিত ফ্যাসিবাদী শক্তি আমাদের অফিসটি ভস্মীভূত করার চেষ্টা করেছে। পার্টি অফিসে আগুন দেওয়া মানে আমাদের অস্তিত্বের উপর আঘাত করা। আমরা এতদিন শান্তিপূর্ণ সহাবস্থানে ছিলাম। এখন আর কঠোর অবস্থানে যাওয়া ছাড়া উপায় নেই। পার্টির পক্ষ থেকে মামলা করা হবে। এছাড়া সকল ভেদাভেদ ভুলে সম্মিলিত ভাবে ফ্যাসিবাদকে বিতারিত করা হবে।'

এ সময় জেলা বিএনপির নেতারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা পূর্বপরিকল্পিতভাবে রাজবাড়ীসহ সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে এই ঘটনা ঘটিয়েছে। তারা মাদক বেচাকেনা, সেবন ও অস্ত্র পাচারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার পরও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে চিহ্নিত ও গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে কেরোসিন তেল দিয়ে আগুন লাগানো হয়েছিল। পুলিশ কাজ শুরু করেছে, ঘটনার সঙ্গে জড়িত যারাই থাকুক না কেন দ্রুত আইনের আওতায় আনা হবে।

Shamiur Rahman

সম্পর্কিত