মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদকের বাসায় হামলা-আগুন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬ ০৮:০৮ এএম

বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে মিরপুরের ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ের ছয়তলা ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে

ঢাকার মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে মিরপুরের ৭ নম্বর সেকশনের মল্লিকা হাউজিংয়ের ছয়তলা ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে।

হামলাকারীরা বাসার ভেতরে থাকা আসবাব ও ক্রেস্ট ভাঙচুর করে সেগুলোতে আগুন ধরিয়ে দেন। প্রায় আধাঘণ্টা ধরে চলে ভাঙচুর।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি দল নিখিলের বাসায় যায়। প্রথমে বাসার নিচে থাকা তার ব্যক্তিগত কার্যালয়ের কাচ ভাঙচুর করেন। পরে ভেতরে ঢুকে আসবাব ও ক্রেস্ট ভাঙচুর করেন। একপর্যায়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেন।

এ সময় তারা ‘যুবলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘আমার সোনার বাংলায়, যুবলীগের ঠাঁই নাই’-সহ বিভিন্ন স্লোগান দেন। পরে তারা সেখান থেকে চলে যান। ‎

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত মাইনুল হোসেন খান নিখিল ওই বাসায় থাকতেন। সেই সময়ের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা তার জানা নেই। এই বিষয়ে থানায় কোনো অভিযোগও পাওয়া যায়নি।

Shamiur Rahman

সম্পর্কিত