প্রথমার্ধে খেলার চেয়ে মারামারি বেশি

ক্রীড়া প্রতিবেদক প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬ ০২:৫৬ এএম

সব মিলিয়ে ফাউল হয়েছে ১৯টি। ১২টি করেছে আর্জেন্টিনা এবং ৭টি ফাউল করেছে ইংল্যান্ড

ফাইনালে ওঠার লড়াইয়ের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা–ইংল্যান্ডের ম্যাচটি খেলার চেয়ে মারামারি বেশি হয়েছে। ফলে প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দল। আটলান্টা স্টেডিয়ামে শুরু থেকেই দুই দলের ফুটবলাররা যেন উত্তপ্ত হয়েছিল, যার প্রতিফলন দেখা যাচ্ছে মাঠের খেলায়।

ম্যাচের দ্বিতীয় মিনিটে শুরুটা করেছিলেন লিয়ান্দ্রো পারেদেস, কাঁধে ধাক্কা দিয়েছিলেন জুড বেলিংহামকে। এরপর থেকে দুই দলই শারীরিক সংঘর্ষে প্রতিপক্ষকে মানসিকভাবে টলিয়ে দেওয়ার মিশনে নেমেছে যেন। গোল না হলেও দুটো হলুদ কার্ড দেখা গেছে প্রথমার্ধে।

৩৭ মিনিটে এলিয়ট অ্যান্ডারসন হলুদ কার্ড দেখেন মেসিকে ফাউল করে। এর কিছুক্ষণ পরই লিসান্দ্রো মার্তিনেজ কাউন্টার অ্যাটাক ঠেকাতে গিয়ে জার্সি টেনে ধরেন জেড স্পেন্সের, দেখেন হলুদ কার্ড।

যার ফলে গোলের দিক থেকে তো বটেই, হলুদ কার্ডের দিক থেকেও সমতায় ফেরে দুই দল।
সব মিলিয়ে ফাউল হয়েছে ১৯টি। ১২টি করেছে আর্জেন্টিনা এবং ৭টি ইংল্যান্ড। অন্য দিকে দুই দলের কেউই কোনো শট লক্ষ্যে রাখতে পারেনি।

অর্থাৎ গোল করার চেষ্টার চেয়ে ফাউল করাতেই বেশি মনোযোগ ছিল দুই দলের। এখন দ্বিতীয়ার্ধে কেমন ট্যাকটিকস নিয়ে আর্জেন্টিনা–ইংল্যান্ড হাজির হয় সেটাই দেখার অপেক্ষা।
বিডি প্রতিদিন/আরকে

Shamiur Rahman

সম্পর্কিত