যে তরুণীর জন্য এখনও আফসোস করেন শাকিব

বিনোদন ডেস্ক প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬ ১২:২৫ পিএম

যদিও ওই তরুণীর পরিচয় প্রকাশ করেননি শাকিব খান। তবে তার কথায় স্পষ্ট, সম্পর্কটি জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ছিল

ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই কথা বলেন। তবে এবার দীর্ঘদিনের গুঞ্জনের একটি অধ্যায় নিয়ে অকপট মন্তব্য করেছেন তিনি। জীবনের এক অপূর্ণ ভালোবাসার গল্প শেয়ার করে দেশের জনপ্রিয় এই অভিনেতা জানিয়েছেন, অভিনয় জীবনের শুরুর দিকে মিডিয়ার বাইরের এক তরুণীকেই বিয়ে করার ইচ্ছা ছিল তার।

সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে আলাপচারিতায় উঠে আসে শাকিব খানের অতীত প্রেমের প্রসঙ্গ। দীর্ঘদিন পর নিজের প্রেমের এই ঘটনা প্রকাশ্যে আনলেন তিনি। 

আলোচিত এই সাক্ষাৎকার অনুষ্ঠানে অংশ নিয়ে শাকিব খান জানান, ক্যারিয়ারের শুরুর দিকে গুলশানের ইংরেজি মাধ্যমের এক তরুণীর প্রেমে পড়েছিলেন তিনি। মেয়েটির সঙ্গে তার সম্পর্ক খুব বেশি দূর এগোয়নি। তবে সেই ভালোবাসার স্মৃতি এখনো তাকে নাড়া দেয়।

শাকিব বলেন, ‘আমার বাসার কাছাকাছি ছিল ওর বাড়ি। দেখতেও ভীষণ সুন্দর ছিল। আমি কিন্তু তার সঙ্গেই সেটেলড হতে চেয়েছিলাম।’

অভিনেতা আরও বলেন, ‘আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। আমাকে মেয়েটি খুব ভালোবাসত। আমি সত্যিই তার সঙ্গেই সংসার করতে চেয়েছিলাম। মাঝে মাঝে একা বসে ভাবি—আমি চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে, আর কোথায় গেলাম!’

অনুষ্ঠানে অভিনেত্রী পূর্ণিমা জানতে চান, সেই মানুষটিকে এখনো মনে পড়ে কি না। জবাবে শাকিব খান বলেন, ‘আমি এখনো তাকে মিস করি। মাঝেমাঝেই যখন একা থাকি তখন ভাবি যে, কেন এরকম হলো! সম্পর্কে যখন ভালোবাসাবাসি বেশি হয়ে যায় তখন মনে হয় এরকম হয়ে যায়।’

সেই তরুণী যদি আবার তার জীবনে ফিরে আসে, তাহলে তাকে গ্রহণ করবেন কি না। উত্তরে শাকিব বলেন, ‘সে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। আমি চাই, সে অনেক ভালো থাকুক।’

যদিও ওই তরুণীর পরিচয় প্রকাশ করেননি শাকিব খান। তবে তার কথায় স্পষ্ট, সম্পর্কটি জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ছিল। শাকিব খানের এমন অকপট স্বীকারোক্তি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত এই অভিনেতার মুখে পুরোনো প্রেমের গল্প শুনে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে নতুন কৌতূহল।

 

Shamiur Rahman

সম্পর্কিত