১৫ অক্টোবর পর্দা কাঁপাতে আসছে ‘জেলার ২’
৩১ বছর পর আবার একসঙ্গে মিঠুন-রজনীকান্ত
প্রায় ৩১ বছর পর রজনীকান্তের ‘জেলার ২’-এ ফের একসঙ্গে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। উল্লেখ্য, ১৯৮৯ সালে রমেশ সিপ্পির ‘ভ্রষ্টাচার’, ১৯৯৫ সালের বাংলা ছবি ‘ভাগ্যবিধাতা’র পর প্রায় ৩১ বছর ধরে একই ছবিতে দেখা যায়নি এই দুই তারকাকে। দু’জনেই নিজেদের ক্যারিয়ারে একের পর এক মাইলফলক তৈরি করেছেন
একজন বলিউডের ‘ডিস্কো ড্যান্সার’, অন্যজন দক্ষিণী ছবির ‘থালাইভা’। দুটি ভিন্ন ইন্ডাস্ট্রিতে নিজেদের সাম্রাজ্য তৈরি করলেও মিঠুন চক্রবর্তী এবং রজনীকান্তের বন্ধুত্ব বহু পুরনো। পর্দাতেও একসঙ্গে দেখা গিয়েছে তাদের। তবে সেই শেষবারের পর কেটে গিয়েছে প্রায় তিন দশক।
এবার সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। প্রায় ৩১ বছর পর রজনীকান্তের ‘জেলার ২’-এ ফের একসঙ্গে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে।
উল্লেখ্য, ১৯৮৯ সালে রমেশ সিপ্পির ‘ভ্রষ্টাচার’, ১৯৯৫ সালের বাংলা ছবি ‘ভাগ্যবিধাতা’র পর প্রায় ৩১ বছর ধরে একই ছবিতে দেখা যায়নি এই দুই তারকাকে। দু’জনেই নিজেদের ক্যারিয়ারে একের পর এক মাইলফলক তৈরি করেছেন।
একদিকে, মিঠুন বাংলা, হিন্দি সহ একাধিক ভাষার ছবিতে নিজের জায়গা আরও শক্ত করেছেন। অন্যদিকে রজনীকান্ত হয়ে উঠেছেন ভারতীয় ছবির অন্যতম বড় সুপারস্টার। কিন্তু বন্ধুত্বের সম্পর্কটা থেকে গিয়েছে আগের মতোই। এবার সেই সম্পর্কই ফের পর্দা কাপাতে আসছে ভারতীয় প্রেক্ষাগৃহে।
নেলসন দিলীপকুমারের ‘জেলার ২’-তে রজনীকান্ত ফিরছেন টাইগার মুথুভেল পান্ডিয়ান হিসেবে। ২০২৩ সালে ‘জেলার’-এর প্রথম পর্বের বিপুল সাফল্যের পর স্বাভাবিকভাবেই দ্বিতীয় পর্ব নিয়ে প্রত্যাশা অনেক বেশি। সেই ছবির ক্যানভাসও এবার আরও বড়। আর তার মধ্যেই অন্যতম বড় আকর্ষণ মিঠুন চক্রবর্তী।
ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে সিনেমার মুক্তির। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে আসছে রজনীকান্ত অভিনীত এই বহুল আলোচিত সিনেমাটি।
কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিল যে, সিনেমটির বেশ কিছু দৃশ্যের নতুন করে শুটিং করা হয়েছে। আর এই কারণেই বলা হয়েছিল মুক্তি পিছিয়ে যাবে সিনেমাটির। তবে গত ২ সেপ্টেম্বর (বুধবার) নির্মাতা প্রতিষ্ঠান সান পিকচার্স তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নতুন পোস্ট দিয়ে এসব খবর উড়িয়ে দিয়েছে। পোস্টে জানানো হয়েছে, ১৫ অক্টোবরই দর্শকদের জন্য ‘জেলার টু’ নিয়ে আসছেন তারা।
এদিকে, সিনেমার গল্প কেমন হতে যাচ্ছে সেই বিষয়ে বোঝা যাচ্ছে না। তবে শোনা যাচ্ছে প্রথম সিনেমা যেখানে শেষ হয়েছিল ঠিক সেখান থেকেই শুরু হবে জেলার-২। সিনেমাটি মুক্তির পর জানা যাবে কী ঘটেছিল জেলার ও তার ছেলের সঙ্গে। সিনেমাটির টুইস্ট জানার অপেক্ষায় আছে দর্শক।
ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে, ‘জেলার ২’-এ মিঠুনের চরিত্র বেশ গুরুত্বপূর্ণ। যদিও ছবির গল্প এবং তার চরিত্র নিয়ে নির্মাতারা এখনও পুরোপুরি মুখ খোলেননি। তবে রজনীকান্ত এবং মিঠুনের পাশাপাশি রয়েছেন বিদ্যা বালান, এস জে সূর্য, সূরজ ভেঞ্জারামুডু, জাটিন সরনাসহ একাধিক অভিনেতা। এছাড়াও শিবরাজকুমার, রম্যা কৃষ্ণন, জ্যাকি শ্রফদের উপস্থিতি ছবির পরিসর আরও বাড়িয়েছে।
একাধিক সূত্র থেকে পাওয়া তথ্যানুযায়ী, প্রথমে শোনা গিয়েছিলো জেলার-২ সিনেমায় একটি বিশেষ চরিত্রে কাজ করবেন শাহরুখ খান। পরে অবশ্য এই কাজে নিজেকে জড়াননি অভিনেতা। তার ব্যস্ত সময়সূচিও এর একটি বড় কারণ হিসেবে সামনে এসেছে। তবে দক্ষিণী তারকা মোহনলাল এখানে ক্যামিও চরিত্রে কাজ করেছেন।
সূত্রমতে, রজনীকান্তের বহুল প্রতীক্ষিত তামিল অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমাটির ট্রেলার সম্প্রতি মুক্তি পেয়েছে। ট্রেলারে ভিন্ন রূপে হাজির হয়েছেন বিদ্যা বালান। সিনেমাটিতে ‘কান্তা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। নীল শাড়ি, হাতে সিগারেট ও আত্মবিশ্বাসী অভিব্যক্তিতে অল্প সময়ের উপস্থিতিতেই নজর কেড়েছেন অভিনেত্রী।
ট্রেলার প্রকাশের পর বিদ্যার নতুন লুক ও অভিনয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। রজনীকান্তের সঙ্গে তার রসায়ন দেখার অপেক্ষাতেও রয়েছেন দর্শকেরা।
Shamiur Rahman
