বিজয় দিবসে ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্ট, ঢাকার দায়িত্বে টুকুসহ ৪ জন
আগামী ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যায়ক্রমে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে এসব কনসার্ট অনুষ্ঠিত হবে
মহান বিজয় দিবস-২০২৬ উপলক্ষে দেশের চার বিভাগে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’ আয়োজন করতে যাচ্ছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। আগামী ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যায়ক্রমে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগে এসব কনসার্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকা বিভাগের কনসার্ট আয়োজনের দায়িত্বে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।
১৬ ডিসেম্বর (বুধবার) ঢাকা বিভাগে কনসার্ট আয়োজন করা হবে। এই আয়োজনের জন্য প্রস্তাবিত আহ্বায়ক কমিটিতে সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে রয়েছেন আবদুল মোনায়েম মুন্না, রাকিবুল ইসলাম রাকিব ও এহসান মাহমুদ।
চার দিনব্যাপী এই কর্মসূচির দ্বিতীয় দিনে ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) চট্টগ্রাম বিভাগে কনসার্ট অনুষ্ঠিত হবে। এই বিভাগের প্রস্তাবিত আহ্বায়ক কমিটিতে রয়েছেন শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, গিয়াস উদ্দিন রিমন ও নাছির উদ্দীন নাছির।
১৮ ডিসেম্বর (শুক্রবার) রাজশাহী বিভাগের কনসার্ট অনুষ্ঠিত হবে বগুড়ায়। এই আয়োজনের জন্য প্রস্তাবিত আহ্বায়ক কমিটিতে রয়েছেন এস এম জিলানী ও আতিকুর রহমান রুমন।
কর্মসূচির শেষ দিনে ১৯ ডিসেম্বর (শনিবার) খুলনা বিভাগে কনসার্ট আয়োজন করা হবে। এই বিভাগের প্রস্তাবিত আহ্বায়ক কমিটিতে রয়েছেন রকিবুল ইসলাম বকুল, রাজিব আহসান ও জাহিদুল ইসলাম রনি।
চার বিভাগে ধারাবাহিক এই আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপনের পাশাপাশি সাংস্কৃতিক কর্মসূচিতে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নিয়েছে ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’।
‘সবার আগে বাংলাদেশ’ নামের সংগঠনটি ২০২৪ সালের ১০ ডিসেম্বর আত্মপ্রকাশ করে। মূলত বিএনপির উদ্যোগে ও পৃষ্ঠপোষকতায় এই সংগঠনটি গড়ে উঠেছে।
‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর সভাপতি পদে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, সাধারণ সম্পাদক পদে ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষ পদে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু দায়িত্ব পালন করছেন।
এছাড়া, সদস্য ও সমন্বয়ক হিসেবে আতিকুর রহমান রুমন, এস এম জিলানী, মোনায়েম মুন্না এবং কথাসাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন।
Shamiur Rahman
