মাগুরায় সাড়ে ৪ হাজার ব্লেডে তৈরি হলো কাত্যায়নী প্রতিমা
জেলায় এই বছর জেলায় মোট ১০৬টি মন্ডপে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন মাগুরা জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস। ৫ দিনব্যাপী এই পূজা শেষ হবে ২০ নভেম্বর
শিল্পীর হাতের ছোঁয়া আর সৃজনশীলতার অনন্য নজির স্থাপন করেছেন মাগুরা শহরের জামরুলতলার পূজারিরা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কাত্যায়নী পূজা ঘিরে সেখানে তৈরি করা হয়েছে সম্পূর্ণ ব্যতিক্রমী কাত্যায়নী দেবী প্রতিমা, যা তৈরিতে ব্যবহার করা হয়েছে ৪ হাজার ৫০০-এর বেশি ব্লেড। প্রতিমাশিল্পী প্রিন্স এই প্রতিমাটি তৈরী করেছেন।
এমন ধারালো ও ঝুঁকিপূর্ণ উপাদান দিয়ে প্রতিমার রূপ দেওয়ার বিষয়টি এরই মধ্যে এলাকায় চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি করেছে। প্রতিমা দেখতে ভিড় জমে যাচ্ছে। স্থানীয় শিল্পপ্রেমীদের মতে, সীমিত সম্পদের মাঝেও এ ধরনের সৃজনশীল ও ব্যতিক্রমী উদ্যোগ মাগুরার শিল্পসংস্কৃতিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। জামরুলতলা
পূজামণ্ডপের সাধারণ সম্পাদক তপন মজুমদার বলেন, ‘ষষ্ঠী পূজার মধ্য দিয়ে মাগুরায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা। সনাতন ধর্মাবলম্বীদের আয়োজন হলেও এ পূজা মাগুরার ধর্ম-বর্ণ নির্বিশেষে সার্বজনীন প্রাণের উৎসবে রূপ নিয়েছে। গত বছরের তুলনায় এই বছর ব্যতিক্রমী কাত্যায়নী দেবী প্রতিমা তৈরি করা হয়েছে। সবাই শান্তিপূর্ণভাবে দেবীকে দর্শন করছেন।'
তিনি বলেন, 'রোববার শুরু হওয়া পূজা উপলক্ষে এর মধ্যেই বর্ণিল সাজে সেজেছে সারা শহর। বিভিন্ন স্থানে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন গেট, প্যান্ডেল। আলোকসজ্জার পাশাপাশি মন্দির-পূজা মন্ডপগুলো সাজানো হয়েছে প্রাচীন ইতিহাস, ঐতিহ্যে ও স্থাপত্য শিল্পের আদলে। নির্বিঘ্নে পূজা উদযাপনে শহরকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করেছে জেলা ও পুলিশ প্রশাসন।'
মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, ‘বিপুলসংখ্যক দর্শনার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে পূজামণ্ডপগুলোয় পুলিশ মোতায়েন, নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি এসআরবি, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী দায়িত্ব পালন করছে।’
জেলায় এই বছর জেলায় মোট ১০৬টি মন্ডপে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন মাগুরা জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস। ৫ দিনব্যাপী এই পূজা শেষ হবে ২০ নভেম্বর।
অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস বলেন, প্রতিবছর শারদীয় দুর্গা পূজার একমাস পরেই জাঁকজমকপূর্ণভাবে মাগুরাতে এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। ১৯৫০ সালের দিকে শহরে পারনান্দুয়ালি এলাকার জনৈক সতীশ মাঝি আনুষ্ঠানিকভাবে প্রথম এই পূজা শুরু করেন। পেশায় তিনি ছিলেন মুদি দোকানী। আশির দশকেও এই পূজা কেবল মাগুরা শহরের ছানার বটতলা, নিজনান্দুয়ালি, নতুন বাজার, বাটিকাডাঙ্গা এবং জামরুল তলার মধ্যে সীমাবদ্ধ ছিল।
কিন্তু গত চার যুগে এর ব্যাপ্তি যেমন বেড়েছে সংখ্যাও বেড়েছে অনেক। ধীরে ধীরে জেলার মানুষের অন্যতম উৎসবে পরিণত হয়েছে এই পূজা। এমনকি মাগুরায় এই আয়োজন সনাতন সম্প্রদায়ের প্রধান উৎসব হিসেবে পরিচিত দুর্গা পূজার আমেজকেও ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেন পূজা উৎযাপন পরিষদের এ নেতা।
ইতিমধ্যে এই পূজা উপলক্ষে শহরের বাড়িতে-বাড়িতে আত্মীয় স্বজন আসতে শুরু করেছে। তবে বিশেষ করে পূজার অষ্টমী ও নবমী দিনে দেশের বিভিন্ন জেলা থেকে এই পূজা ও গোটা আযোজনকে উপভোগ করতে ভিড় করবেন লাখো দর্শনার্থী।
বরাবরের মতো এবারও পূজার মূল আকর্ষণ থাকছে পৌরসভা এলাকার জামরুল তলা, নতুন বাজার, ছানার বাবুর বটতলা, বাটিকাডাঙ্গা, সাতদোহা, নিজনান্দুয়ালী, পারনান্দুয়ালীসহ শহরের ১৪টি মণ্ডপে। এছাড়া পূজা ঘিরে শহরের নতুন বাজার ও ছানার বটতলায় বসেছে মেলা। যেখানে খাবার, নিত্য প্রয়োজনীয় জিনিস, আসবাবসহ গ্রামীণ ঐতিহ্যের নানা সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দেশের দূর-দূরান্ত থেকে আসা ব্যবসায়ীরা। পূজা শেষ হলেও এই মেলা চলবে আরো ৭ দিন।
সনাতন ধর্মাবলম্বীদের শাস্ত্র মতে, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণকে ঈশ্বর, বন্ধু, স্বামী, পুত্র হিসাবে পেতে আরাধনা করতেন গোপীরা। তাদের এক মাসব্যাপি আরাধনা শেষে, গোপীগণ যমুনা নদীর তীরে বালু দিয়ে কাত্যায়নী দেবীর মূর্তি তৈরি করে পূজা দিয়ে কাঙ্খিত ফল পান। এর পর থেকে এটি ‘কাত্যায়নী পূজা’ হিসেবে পরিচিতি লাভ করে। যার সময়কাল ছিল কার্তিক ও অগ্রহায়ণ মাস।
এই পূজায় প্রতিমা স্থাপন থেকে শুরু করে সবকিছুই দূর্গা পূজার আদলে করা হতো। তবে অতিরিক্ত হিসেবে দেবী দুর্গার কোলে শ্রীকৃষ্ণের একটি মূর্তি স্থাপন করা হয়। যার অর্থ দেবী দুর্গার আরাধনার মাধ্যমে কৃষ্ণের সান্নিধ্য পাওয়া। যেটি কাত্যায়নী পূজার ধর্মীয় যোগসূত্র।
Shamiur Rahman
