সাংবাদিক কাজী শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে বিপিজেএফের মানববন্ধন
রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের (বিপিজেএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সংগঠনটি।
রোববার (১১ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিপিজেএফ ঢাকা মহানগরের প্রধান সমন্বয়ক মো. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। প্রধান বক্তা ছিলেন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক ও পরিচালক মোহাম্মদ আলী আবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিপিজেএফ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুব আলম বাবু, দৈনিক বর্তমান দিনের প্রধান সম্পাদক ও সম্পাদক-প্রকাশক পরিষদের সদস্য সচিব মো. মতিউর রহমান, দৈনিক সমাবেশের নির্বাহী সম্পাদক মো. রফিকুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের যুগ্ম সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাচ্চু।
মানববন্ধনে বক্তব্য দেন বিপিজেএফের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজাউল করিম, মানবাধিকার সম্পাদক জাকিয়া হোসেন, সহ-সম্পাদক মরিয়ম আক্তার মারিয়া, শারমিন আক্তার ও ফয়সাল হাওলাদার প্রমুখ।
এসময় বিপিজেএফের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম প্রধান সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। তিনি সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলের বিষয়টি যথাযথভাবে পর্যালোচনা করে ন্যায়সংগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
প্রধান বক্তা মাহাবুব আলম বাবু সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি কাজী শরিফুল ইসলাম শাকিলের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ তদন্ত ও আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা উচিত। তাঁরা সাংবাদিক শাকিলের মামলার বিষয়টি নিরপেক্ষভাবে পর্যালোচনা করে ন্যায়বিচার নিশ্চিত করা এবং তাঁর নিঃশর্ত মুক্তির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
Shamiur Rahman
