বৈশাখী টিভির প্রধান সম্পাদক টিপু আলম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬ ১১:১৭ পিএম

শনিবার (২১ নভেম্বর) বিকেলে বনানী থানাধীন মহাখালীতে বৈশাখী টেলিভিশনের কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়

রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে বনানী থানাধীন মহাখালীতে বৈশাখী টেলিভিশনের কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের একটি মামলার আসামি তিনি।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন জানান, টিপু আলম টেলিভিশন কার্যালয়ে প্রবেশের পর একদল লোক তাকে ঘিরে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টিপু আলম মিলনের বিরুদ্ধে থাকা মামলার অভিযোগ ও তদন্তের বিস্তারিত বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

আরও পড়ুন: কর্মী ছাটাইয়ের জেরে বৈশাখী টেলিভিশনে দুর্বৃত্তদের হামলা-ভাংচুর

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান জানান, টেলিভিশন কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলার একজন আসামি অবস্থান করছিলেন। পুলিশ তাকে গ্রেপ্তার করতে সেখানে যায়। এসময় কোনো ধরনের মব সৃষ্টির সুযোগ দেওয়া হবে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হয়।

এদিকে, কিছু সময় পর টেলিভিশনটির কার্যালয়ে একদল লোকের প্রবেশ, হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এসময় টেলিভিশনটির কয়েকজন সাংবাদিক ও কর্মী ভবনের ভেতরে আটকা পড়েন। পরে, পরিস্থিতি মোকাবিলায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করেন।

এক পর্যায়ে বিকেল ৪টার দিকে বৈশাখী টেলিভিশনের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘বৈশাখী টিভি নিউজ’ থেকে সরাসরি সম্প্রচারে এসে প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মী নিজেদের অবরুদ্ধ থাকার কথা জানান।

সেখানে ‘নিরাপত্তার স্বার্থে’ লাইভে আসা ব্যক্তি নিজের পরিচয় প্রকাশ করেননি। প্রায় সোয়া ৪ মিনিটের লাইভে বলতে শোনা যায়, “এই যে আপনারা লাইভে সরাসরি দেখতে পাচ্ছেন, ওই যে সাদা শার্ট পরা মোবাইল... মোবাইল টিপছে, এই মানুষটা কিছুক্ষণ আগে বৈশাখী টেলিভিশনে ব্যাপক ভাঙচুর করেছে।”

তাদের অভিযোগ, কার্যালয়ের ভেতরে ভাঙচুর চালানো হয়েছে এবং কয়েকজন কর্মী আহত হয়েছেন। মূল ফটকে তালা দেওয়ার পাশাপাশি লিফট বন্ধ করে দেওয়ার কথাও লাইভে জানানো হয়।

লাইভে বলতে শোনা যায়, “আমাদের যে উপব্যবস্থাপনা পরিচালক, টিপু আলম মিলন, আমরা তখন শুনলাম যে, স্যারকে কিছু দুর্বৃত্ত তুলে নিয়ে গিয়েছে। তো আমরা তৎক্ষণাৎ বৈশাখীতে যারা আমরা কর্মী আছি, আমরা গিয়ে স্যারকে উদ্ধার করে উপরে নিয়ে আসি। কিন্তু নিচে এখনও তারা আছে এবং গেটের বাইরে তারা গেট ভাঙার চেষ্টা করছে।”

বৈশাখী টেলিভিশন স্টেশনের অবস্থান মহাখালীর ওয়্যারলেস এলাকায়। ভবনের ছাদ থেকে লাইভ করার তথ্য দিয়ে এতে বলতে শোনা যায়, “দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে ব্যাপক মবের শিকার হয়েছি আমরা।”

“এমনকি আমাদের কিছু কর্মী অলরেডি আহত হয়েছে। আমরা পুরো অবরুদ্ধ হয়ে আছি দর্শক। আমরা কোনোভাবে নিচে নামতে পারছি না।”

প্রাথমিকভাবে জানা গেছে, বৈশাখী টেলিভিশনের এক কর্মকর্তার চাকরিচ্যুতির জেরে কার্যালয়ে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। 

নাম প্রকাশ না করার শর্তে বৈশাখী টেলিভিশনের এক কর্মী জানান, শনিবার প্রতিষ্ঠানটির ডিজিটাল বিভাগের প্রধান নাহিয়ানকে চাকরিচ্যুত করা হয়। এরপর তিনি স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এসে চ্যানেলটির ডিএমডিকে হেনস্তার চেষ্টা করেন। এই কাজে তাকে সহায়তা করেন সংগঠনটির বনানী থানার সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু।

এই বিষয়ে জানতে নাহিয়ানের সঙ্গে মুঠোফোনে কল দেয়া হলেও তিনি সাড়া দেননি। অন্যদিকে, বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

বৈশাখী টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধান জিয়াউল কবির সুমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি সশস্ত্র বাহিনীর প্রোগ্রামে আছি। একটা ঝামেলা হয়েছে বলে শুনেছি। বিস্তারিত তেমন কিছুই জানি না।’

Shamiur Rahman

সম্পর্কিত